নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সোনা পাচার চক্রে বড়সড় সাফল্য পেল বিধাননগর কমিশনারেট। লেকটাউনের বি ব্লকের পার্ক থেকে ৬ কোটি টাকার ৪ কেজি সোনার বিস্কুট উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে এই চক্রে যুক্ত ভিন রাজ্যের দুই যুবককেও। তাদের কাছ থেকে একাধিক পুরনো ১ টাকা এবং ২ টাকার ভারতীয় নোটও মিলেছে। হাওলার কৌশলে সেই নোট দেখিয়েই পার্টিকে সোনার কনসাইনমেন্ট হস্তান্তর করা হত। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা অতীতেও সোনা পাচার করেছে। ধৃতদের জেরা করে পুরো চক্রের কিনারা করতে চাইছে বিধাননগর কমিশনারেট।
শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলনে বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিতকুমার ভারত বলেন, ‘বৃহস্পতিবার রাতে পুলিশের পেট্রোলিং চলছিল। সেই সময়ই বি ব্লকের পার্কে দু’জন সন্দেহভাজনকে দেখা যায়। গায়ে রেইন কোট আর মাথা হেলমেটে ঢাকা ছিল তাদের। পুলিশের পেট্রোলিং টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। কিন্তু, সন্তোষজনক উত্তর মেলেনি। তারপরই পরীক্ষা করে তাদের কাছ থেকে ৪ কেজি সোনার বিস্কুট উদ্ধার হয়।
ধৃতরা যথাক্রমে ওড়িশা এবং মহারাষ্ট্রের বাসিন্দা। এই ধরনের কাজে তারা আগেও যুক্ত ছিল বলে জানা গিয়েছে। তারা স্বীকার করেছে, আগে দুই থেকে আড়াই কেজি সোনা পাচার করেছে। আমরা ওই বিষয়টিও দেখছি। কোথা থেকে সোনা নিয়ে আসা হচ্ছিল, কাকে ডেলিভারি করার কথা ছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা এই চক্রের আরও গভীরে যাওয়ার চেষ্টা করছি।’
জানা গিয়েছে, ট্রান্সপারেন্ট প্লাস্টিকে মোড়ানো মোট চারটি প্যাকেটে ৪০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। এক একটি প্যাকেট ছিল ১০টি করে বিস্কুট। ওজন ৪ কেজির কিছু বেশি। বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। সোনার সঙ্গে পুরনো নোট সহ মোবাইল এবং একটি স্কুটারও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা কোন পাচার চক্রের সদস্য তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এই ধরনের পাচারে সাপ্লায়ার, ক্যারিয়ার, রিসিভার, সেন্ডার প্রভৃতি অনেক ভাগ থাকে। ক্যারিয়ারের মধ্যে আবার অনেক লেয়ার থাকে। তাই এই চক্রে আরও অনেকেই যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে।