Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট পরবর্তী হিংসায় রাজ্যে মৃত ৪, দলীয় অফিস দখল অব্যাহত

ভোট পরবর্তী হিংসা অব্যাহত। ভোট গণনা পর্বে এই হিংসা পার্টি অফিস দখল, ভাঙচুর, মারধর, এলাকা ছাড়া করানোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও, সোমবার গভীর রাত থেকে শুরু করে মঙ্গলবার বিকেল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে চারটি প্রাণহানির ঘটনা ঘটেছে।

ভোট পরবর্তী হিংসায় রাজ্যে মৃত ৪, দলীয় অফিস দখল অব্যাহত
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ভোট পরবর্তী হিংসা অব্যাহত। ভোট গণনা পর্বে এই হিংসা পার্টি অফিস দখল, ভাঙচুর, মারধর, এলাকা ছাড়া করানোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও, সোমবার গভীর রাত থেকে শুরু করে মঙ্গলবার বিকেল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে চারটি প্রাণহানির ঘটনা ঘটেছে।  মৃতদের মধ্যে দু’জন তৃণমূল এবং দু’জন বিজেপি কর্মী। প্রাণহানির ঘটনার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের কয়েকশো পার্টি অফিস ভাঙচুর এবং দখলের খবরও এসেছে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বেলেঘাটা বিধানসভার নারকেলডাঙা এলাকার তৃণমূলের এক বুথ এজেন্টের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় বিশ্বজিৎ পট্টনায়েক (৩৮) নামে ওই তৃণমূল কর্মীকে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার সঙ্গে যুক্ত। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অপরদিকে, হাওড়ার উদয়নারায়ণপুরের মানশ্রীর রামচক গ্রামে মঙ্গলবার যাদব বর (৪৫) নাম এক বিজেপি সমর্থককে পিটিয়ে খুন করা হয়েছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি। 
অপরদিকে, এদিন বিকেলে নিউটাউনের বালিগড়ি এলাকায় মধু মণ্ডল (৪৪) নামে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, রাস্তায় ঘিরে তাঁকে মারধর করেছে তৃণমূল সমর্থকরা। ধাক্কা মেরে তাঁকে মাটিতে ফেলে দেওয়া হয়। আঘাতে মৃত্যু হয়েছে মধুর। এই ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়। পুলিশ গিয়ে গ্রেপ্তার করে অভিযুক্তকে। এরই পাশাপাশি এদিন বিকেলে বীরভূমের নানুরের সন্তোষপুর গ্রামে কুপিয়ে খুন করা হয়েছে আবির শেখ (৪৫) নামে আইএনটিটিইউসি’র স্থানীয় অঞ্চল সভাপতিকে। হামলায় জখম হয়েছেন চাঁদু শেখ নামে আরও একজন। মৃতের পরিবারের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলার সঙ্গে যুক্ত। বিজেপির দাবি, নিজেদের কোন্দলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

Advertisement
সম্পর্কিত সংবাদ