বিশেষ সংবাদদাতা, শিলং: পুলিশের সঙ্গে গুলির লড়াই। রবিবার ভোরে মেঘালয়ের ইস্ট গারো হিলসের সংসাকে নাকা-চেকিং চলাকালে এই ঘটনায় চার কুখ্যাত ডাকাতের মৃত্যু হয়েছে । নিহতরা কোনও বড় চক্রের সঙ্গে জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে ভোর প্রায় ৪টে নাগাদ সংসাকে নাকা-চেকিং পয়েন্টে অভিযান চালায় পুলিশ। ডাকাত দল চেকপোস্টের কাছে এসে তল্লাশির মুখে পড়লে কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পালটা গুলি চালান পুলিশকর্মীরাও। দু পক্ষের গুলি বিনিময়ে চার ডাকাতের মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসম-মেঘালয় সীমানায় একাধিক অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত ছিল নিহতরা।



