Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙল ৪টি বাঁশের সেতু, বিচ্ছিন্ন হাওড়ার দ্বীপাঞ্চল

দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির জেরে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ছে ডিভিসি

ভাঙল ৪টি বাঁশের সেতু,  বিচ্ছিন্ন হাওড়ার দ্বীপাঞ্চল
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির জেরে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ছে ডিভিসি। মঙ্গলবার দুপুরে ৬৮ হাজার ৯৫০ কিউসেক জল ছেড়েছিল ডিভিসি। এরপর বুধবার সকালে ৬১ হাজার ৮৭৫ এবং দুপুরে আরও ৫৫ হাজার ৩০০ কিউসেক জল ছেড়েছে তারা। এর ফলে দামোদর ও মুণ্ডেশ্বরী নদীতে জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং ডিভিসির ছাড়া সেই জল মঙ্গলবার রাত থেকেই প্রবল বেগে দামোদর ও মুণ্ডেশ্বরী নদী দিয়ে বইতে শুরু করেছে। সেই প্রবল স্রোতে এদিন বেলায় মুণ্ডেশ্বরী নদীর উপরে থাকা চারটি বাঁশের সেতু ভেঙে যায়। ফলে মূল ভূখণ্ড থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে যায় আমতা বিধানসভার দ্বীপাঞ্চল। সমস্যায় দ্বীপাঞ্চলের ভাটোরা, ঘোড়াবেড়িয়া  ও চিৎনান গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫০ হাজার বাসিন্দা। এদিন জলের স্রোতে কুলিয়া, গায়েনপাড়া, টাকিপাড়া এবং পানশিউলির বাঁশের সেতু ভেঙে যায়। এভাবে একের পর এক বাঁশের সেতু ভেঙে যাওয়ায় যাতায়াতে বিরাট সমস্যায় পড়ে সাধারণ মানুষ। আপাতত সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এক একটি ঘাটের জন্য দু’টি করে নৌকার ব্যবস্থা করা হয়েছে। এদিন বিকালে ওই দ্বীপাঞ্চল এলাকা ঘুরে দেখেন আমতার বিধায়ক অমিত সামন্ত। প্রসঙ্গত, মাস খানেক আগেও এই বাশের সেতু ভেঙে গিয়েছিল। অন্যদিকে, বুধবার উদয়নারায়ণপুরের বিভিন্ন নদীবাঁধ এলাকা পরিদর্শন করেন সেচদপ্তরের অফিসাররা। ওই দপ্তরের এক অফিসার জানান, নদীতে জলস্তর বৃদ্ধি পেলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতির উপর সর্বদা নজর রাখা হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ