Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের বন্দরে মার্কিন বিমানহানা, হত ৩৮

হুথি জঙ্গিদের কোমর ভেঙে দিতে ফের বড়সড় অভিযান চালাল আমেরিকা। বৃহস্পতিবার পশ্চিম ইয়েমেনের একটি তৈল বন্দরে বোমাবর্ষণ করল মার্কিন সেনা।

হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের বন্দরে মার্কিন বিমানহানা, হত ৩৮
  • ১৮ এপ্রিল, ২০২৫ ১৩:০৪
Prefer us on Google

ওয়াশিংটন, ১৮ এপ্রিল: হুথি জঙ্গিদের কোমর ভেঙে দিতে ফের বড়সড় অভিযান চালাল আমেরিকা। বৃহস্পতিবার পশ্চিম ইয়েমেনের একটি তৈল বন্দরে বোমাবর্ষণ করল মার্কিন সেনা। এই রাস ইসা বন্দরটি হুথি জঙ্গিদের আয়ের অন্যতম প্রধান উৎস বলে পেন্টাগনের দাবি। মার্কিন অভিযানে সেটি ধ্বংস হয়ে গিয়েছে। পাশাপাশি এই অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন। জখম আরও শতাধিক। হতাহতদের মধ্যে অনেক সাধারণ মানুষ আছেন বলে হুথি মদতপুষ্ট সংবাদমাধ্যমের দাবি।

Advertisement

এদিন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের মদতপুষ্ট হুথি জঙ্গিদের তেলের উৎস ধ্বংস করতে পদক্ষেপ করেছে মার্কিন বাহিনী। এই উৎস থেকে বেআইনিভাবে আয় করছে জঙ্গিরা। সেই অর্থ গত এক দশকে গোটা অঞ্চলে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে।’ এদিনের অভিযানের লক্ষ্য সাধারণ মানুষ ছিল না বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার পর থেকে হুথি জঙ্গিদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে আমেরিকা। হোয়াইট হাউজের নির্দেশে ১৫ মার্চ থেকে অভিযান শুরু করেছে পেন্টাগন। তারপর থেকে এটি হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে সবথেকে বড় মার্কিন অভিযান বলে বিশেষজ্ঞদের অভিমত।  
লোহিত সাগরে হুথি জঙ্গিদের আক্রমণের শিকার হচ্ছে ইজরায়েলের বন্ধু রাষ্ট্রগুলির বাণিজ্যিক জাহাজ। ২০২৩ সালের নভেম্বর থেকে সেগুলি লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট এই জঙ্গি গোষ্ঠী। ইয়েমেন থেকে এই হামলা চালিয়ে যাচ্ছে তারা। যার ফলে লোহিত সাগরে বাণিজ্য ক্ষেত্রে বাধা পড়ছিল। আর্থিক ক্ষতিও হচ্ছিল। সেই হামলা প্রতিহত করতেই আরব সাগর ও এডেন উপসাগরে নজরদারি চালাতে শুরু করে আমেরিকা। বেশ কয়েকবার হুথিদের হামলা রুখেও দেয় মার্কিন সেনা।

সম্পর্কিত সংবাদ