• দীর্ঘ ৩৬ ঘণ্টার এক অবিশ্বাস্য লড়াইয়ের পর মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ৪৮ বছর বয়সি দীপাঞ্জন ভট্টাচার্য। বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালের চিকিৎসকদের একটি মাল্টিডিসিপ্লিনারি টিমের ঐকান্তিক প্রচেষ্টায় সফলভাবে অপসারিত হল তাঁর মাথার খুলির তলায় থাকা ৬ সেন্টিমিটার দীর্ঘ এক জটিল টিউমার। ২০১৮ সাল থেকে কানের সমস্যায় ভুগছিলেন দীপাঞ্জন। নানা পরীক্ষার পর ২০২৩ সালে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। মুম্বইয়ে প্রথম অস্ত্রোপচারে মাত্র কুড়ি শতাংশ টিউমার বাদ দেওয়া সম্ভব হয়। এই আংশিক সফলতার কারণে বেশ কিছুদিন তিনি সুস্থই ছিলেন। কিন্তু পরবর্তীকালে তাঁর মুখের ডানদিক অসাড় হতে শুরু করে। পুরোপুরি শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। এই সংকটময় অবস্থায় ত্রাতা হয়ে দাঁড়ান প্রখ্যাত সার্জন ডাঃ সম্পত চন্দ্র প্রসাদ রাও এবং তাঁর বিশেষজ্ঞ দল। শনিবার কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ডাঃ রাও বলেন,‘এটি আমার পেশাজীবনে দেখা অন্যতম বড় টিউমার’।



