নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রায় ১৭,৫০০টি শিশু ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের (এসএসকে ও এমএসকে) প্রায় ৩০ হাজার শিক্ষাসহায়ক, সম্প্রসারক ও সম্প্রসারিকা সোমবারও জুলাইয়ের বেতন পেলেন না। এ নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে তাঁদের মধ্যে। সূত্রের খবর, সমগ্র শিক্ষা মিশন এঁদের বেতনের ফাইল তৈরি করে রাখলেও শিক্ষাদপ্তর থেকে টাকা আসতে দেরি হওয়ায় বেতন দেওয়া যায়নি। রাজ্য সরকার ইতিমধ্যেই এই শিক্ষকদের বেতনবৃদ্ধির ঘোষণা করেছে। যদিও, তার সরকারি অর্ডার এখনো হয়নি। এজন্য বেতন দিতে দেরি হওয়ায় বেশ বিরক্ত শিক্ষকরা। একজন শিক্ষক জানান, তিনমাস ধরেই দেরি হচ্ছে। তবে, এমাসে সব সীমা ছাড়িয়ে গিয়েছে।



