Bartaman Logo
৯ জুন, ২০২৬

ফের ছত্তিশগড়ে খতম ৩০ মাওবাদী

ছত্তিশগড়ে মাওবাদী দমনে ফের বড় সাফল্য। দু’টি পৃথক জায়গায় অভিযান চালিয়ে ৩০ মাওবাদীকে নিকেশ করল যৌথ বাহিনী।

ফের ছত্তিশগড়ে খতম ৩০ মাওবাদী
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, রায়পুর: ছত্তিশগড়ে মাওবাদী দমনে ফের বড় সাফল্য। দু’টি পৃথক জায়গায় অভিযান চালিয়ে ৩০ মাওবাদীকে নিকেশ করল যৌথ বাহিনী। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিজাপুর ও কাঁকের জেলায় অভিযান চালায় বাহিনী। বিজাপুরে ২৬ জন এবং কাঁকেরে ৪ জন মাওবাদীকে খতম করতে সমর্থ হয়েছে তারা। তল্লাশি অভিযান শেষ হলে এই সংখ্যা বাড়তে পারে বলেই অভিমত প্রশাসনের। তবে এই অভিযানে বিজাপুরে জেলা রিজার্ভ গার্ডের (ডিআরজি) এক জওয়ান শহিদ হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ প্রথম এনকাউন্টারটি হয় বিজাপুর-দান্তেওয়াড়া সীমানাবর্তী এলাকায়। গঙ্গালুর থানার অধীনস্ত এলাকায় বাহিনীর তল্লাশির সময় আচমকাই গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। বিকেলে বিজাপুর জেলা পুলিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে ২৬ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। মিলেছে প্রচুর অস্ত্র, গোলাবারুদ। এখনও তল্লাশি অভিযান চলছে। অপর এনকাউন্টার হয় কাঁকেরে। ভোর ৩টে নাগাদ নারায়ণপুর জেলায় মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটায়। অল্পের জন্য রক্ষা পায় বাহিনীর একটি ইউনিট। তারপরই সীমানা বরবার ওই জঙ্গলে অভিযানে নামেন বিএসএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের জওয়ানরা। তখন বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাবে মৃত্যু হয় ৪ মাওবাদীর। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ বলেন, ‘ছত্তিশগড়ের বিজাপুর এবং কাঁকের জেলায় দু’টি পৃথক এনকাউন্টারে ৩০ জন মাওবাদী নিকেশ করা হয়েছে।’
২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে মাওবাদী মুক্ত হবে 
দেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই ‘সংকল্প’ নিতেই ছত্তিশগড়ে নিয়মিত অভিযান শুরু করেছে বাহিনী। চলতি বছরে নিকেশ করা হয়েছে ১১৩ জনকে। এদিনের অভিযানের পর অমিত শাহ হিন্দিতে এক্স হ্যান্ডলে লেখেন, ‘আজ আমাদের জওয়ানরা মাওবাদী মুক্ত ভারত অভিযানের 
লক্ষ্যে ফের বড় সাফল্য অর্জন করেছেন। ছত্তিশগড়ের বিজাপুর এবং কাঁকেরে নিরাপত্তা বাহিনীর দু’টি পৃথক অভিযানে ৩০ জন নকশাল নিকেশ। মোদি সরকার মাওবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। আত্মসমর্পণ না করলে অনমনীয় নীতিই নেওয়া হবে। কারণ, আগামী বছরের ৩১ মার্চের আগে দেশ মাওবাদীমুক্ত হবে।’ এদিনের জোড়া এনকাউন্টার নিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সাহসকে স্যালুট জানাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের ৩১শে মার্চের মধ্যে মাওবাদীমুক্ত দেশ বানানোর সংকল্প গ্রহণ করেছেন। সেই লক্ষ্যেই কাজ চলছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ