Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

এনসিপিআইয়ে যোগ দিয়ে ফেরার পথেই গ্রেপ্তার ৩ পঞ্চায়েত সদস্য, রঘুনাথগঞ্জের সন্মতিনগরে অপসারিত প্রধানই ফের পদে

সদ্য কলকাতায় গিয়ে এনসিপিআইয়ে যোগ দিয়েছেন। তারপর প্রধান নির্বাচনে উপস্থিত থাকতে রঘুনাথগঞ্জের সন্মতিনগরে ফিরছিলেন পঞ্চায়েত সদস্যরা।

এনসিপিআইয়ে যোগ দিয়ে ফেরার পথেই গ্রেপ্তার ৩ পঞ্চায়েত সদস্য, রঘুনাথগঞ্জের সন্মতিনগরে অপসারিত প্রধানই ফের পদে
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: সদ্য কলকাতায় গিয়ে এনসিপিআইয়ে যোগ দিয়েছেন। তারপর প্রধান নির্বাচনে উপস্থিত থাকতে রঘুনাথগঞ্জের সন্মতিনগরে ফিরছিলেন পঞ্চায়েত সদস্যরা। কিন্তু প্রধান নির্বাচনের কয়েকঘণ্টা আগেই মোড়গ্রাম স্টেশন লাগোয়া এলাকা থেকেই তাঁদের মধ্যে তিনজন গ্রেপ্তার হলেন। অনাস্থা ভোটে অপসারিত মর্তুজা শেখ ওরফে টেম্পুই নাটকীয়ভাবে আবার প্রধান নির্বাচিত হলেন। এঘটনা ঘিরে শুক্রবার সরগরম থাকল রঘুনাথগঞ্জ-২ ব্লকের সন্মতিনগর।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহবুল শেখ, মাসুদ শেখ ও মুনসুর শেখ। তাঁদের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতি, পথ অবরোধ, এলাকায় অশান্তি ছড়ানোর মতো নানা অভিযোগ রয়েছে। ধৃতদের শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়। মাসুদের তিনদিনের পুলিশ হেপাজত, বাকিদের ১তারিখ অবধি জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়।
২৪ আসনবিশিষ্ট সম্মতিনগর পঞ্চায়েতে বেশ কিছুদিন ধরেই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল। তৃণমূলের কালীঘাটপন্থীদের সঙ্গে ঋতব্রতপন্থী তথা আখরুজ্জামানের অনুগামীদের মধ্যে বিরোধ প্রকট হয়ে উঠেছিল। সম্প্রতি আখরুজ্জামান ঘনিষ্ঠ প্রধান মুর্তজা শেখের বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকে অপসারণ করে অপর গোষ্ঠী। এরপর শুক্রবার নতুন প্রধান নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল। তার আগে বুধবার তৃণমূলের কালীঘাটপন্থী ১২জন সদস্য কলকাতায় গিয়ে এনসিপিআই দলে যোগ দেন। যা এলাকার রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দেয়।
এরপর শুক্রবার সকালে ঘটনা নাটকীয় মোড় নেয়। মোড়গ্রাম স্টেশন থেকে ওই ১২জন বিরোধী সদস্যের মধ্যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে। এর ফলে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। গ্রেপ্তারির ঘটনার জেরে ওই ১২জনের কেউই নির্ধারিত সময়ে পঞ্চায়েত ভবনে হাজির হননি। এই সুযোগে নাটকীয়ভাবে পঞ্চায়েত ভবনে উপস্থিত হন আখরুজ্জামানের অনুগামী ১১জন সদস্য। বিরোধীরা অনুপস্থিত থাকায় তাঁদের একতরফা ভোটাভুটিতে অপসারিত মুর্তজা শেখই ফের প্রধান নির্বাচিত হন।
মুর্তজা শেখ বলেন, কয়েকজন সদস্য চক্রান্ত করে আমাকে পদ থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা প্রধান নির্বাচন করতে অসমর্থ হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্যরা আমাকেই ফের প্রধান নির্বাচিত করেছেন। সবাইকে নিয়ে উন্নয়ন করব। প্রধানের বিরোধীরা অবশ্য এই গ্রেপ্তারির পিছনে রাজনৈতিক চক্রান্ত দেখছেন। জঙ্গিপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার আগে মহবুল শেখ বলেন, আমরা বাড়ি ফিরছিলাম। পথেই পুলিশ আমাদের গ্রেপ্তার করেছে। কেন এমন করল, জানি না। এনসিপিআই দলে যোগদান গ্রেপ্তারের কারণ হতে পারে। পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, নির্দিষ্ট অভিযোগ ও পুরনো মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ