২৬ জুলাই, রাঁচি: ঝাড়খণ্ডে ফের মাও বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শনিবার সকালে বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হল ৩ মাওবাদী। মৃতদেহের কাছ থেকে ৩টি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। সূত্রের দাবি, এই অস্ত্রের মধ্যে একটি একে ৪৭ ও অপর দুটি ইনসাস রাইফেল।
জানা গিয়েছে, জেজেএমপির মাওবাদীরা বড় কোনও ঘটনা ঘটানোর জন্য ঘাঘরা জঙ্গলে জমায়েত করছিল বলে আগে থেকেই পুলিসের কাছে খবর ছিল। সেই মতো গুমলা পুলিস ও ঝাড়খণ্ড জাগুয়ার (স্পেশাল ফোর্স) ঘাঘরা জঙ্গলে যৌথ অভিযানে নামে।
পুলিস সূত্রে খবর, তল্লাশি অভিযান চালানোর সময় মাওবাদীরা যৌথ বাহিনীর মুখোমুখি পড়তেই শুরু হয় এনকাউন্টার। গুলি ও পাল্টা জবাবে নিকেশ হয় ৩ মাওবাদী। তবে তারপরেও বনাঞ্চলে তল্লাশি অভিযান চালাচ্ছে বাহিনী।