শান্তনু দত্ত: পর্দায় ফিরছে ‘থ্রি ইডিয়টস’। জল্পনা চলছিল বহুদিন। অবশেষে নিশ্চিত করলেন রাঞ্চো, আমির খান। ২০০৯ সালের জনপ্রিয় কমেডি ড্রামার সিক্যুয়েল তৈরি হচ্ছে। ফের রাঞ্চো, রাজু আর ফারহানের বন্ধুত্বের জার্নির সাক্ষী থাকবেন আপনি। আমির জানিয়েছেন, ১০ বছর এগচ্ছে ‘থ্রি ইডিয়টস’-এর বন্ধুত্বের সফর। ২০০৯ সালে আমির, আর মাধবন ও শরমন যোশির রসায়ন মুগ্ধ করেছিল গোটা দেশকে। জানা গিয়েছে, সিক্যুয়েলেও অভিনয় করবেন তিনজনই। আমির জানালেন, সম্প্রতি রাজকুমার সিক্যুয়েলের গল্প শুনিয়েছেন তাঁকে। সেটি নাকি পছন্দও হয়েছে মিস্টার পারফেকশনিস্টের। আমিরের কথায়, ‘রাজকুমার অনেকদিন ধরেই এই ছবির সিক্যুয়েল নিয়ে কাজ করছেন। গল্পটি অসাধারণ ভেবেছেন। ইউনিক। প্রথম ছবির মতো কমেডিতে ভরপুর। স্ক্রিপ্ট এখনও বাকি রয়েছে।’ অভিনেতা জানালেন, সিক্যুয়েলে আগের চরিত্রগুলিই দেখানো হবে। তবে গল্পের পটভূমি এগবে ১০ বছর। তিনি বলেন, ‘ফের রাঞ্চো চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে রয়েছি।’ কবে শুরু হবে শ্যুটিং? না, তা এখনও খোলসা করেননি অভিনেতা। তবে তা যে শীঘ্রই হবে, এ বিষয়ে কোনো সংশয় নেই।
আমির ও রাজকুমার হিরানির আরও একটি ছবিতে কাজ করার কথা ছিল। সেটি দাদা সাহেব ফালকের বায়োপিক। তবে আপাতত স্ক্রিপ্টের সমস্যার কারণে তা স্থগিত রাখা হয়েছে। সে কারণে আগে ‘থ্রি ইডিয়টস ২’-এর কাজ সেরে নিতে চাইছেন তাঁরা। এদিকে, আমির এরপর কাজ করবেন অশ্নির গ্রোভারের বায়োপিকে। রাহুল মোদি পরিচালিত সেই ছবিতে আমিরের বিপরীতে কাজ করবেন শ্রদ্ধা কাপুর। আমির এখন ব্যস্ত তাঁর প্রযোজিত ‘এক দিন’ ছবিটি নিয়ে। ১ মে মুক্তি পেয়েছে এই ছবি।