বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের নগাঁও জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রথমে রাস্তার ডিভাইডারে এবং পরে স্ট্রিটলাইটে সজোরে ধাক্কা মারে গাড়িটি। চোখের নিমেষে দাউদাউ করে আগুন ধরে যায়। গাড়ির ভিতরে জীবন্ত পুড়ে মৃত্যু হয় তিনজনের। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অরুণাচল প্রদেশ থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল গাড়িটি। পুরানি গুদামের কেনাপট্টিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর গাড়িটি উলটে গিয়ে একটি স্ট্রিটলাইটে ধাক্কা লাগলে সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়ির ভিতরে আটকে পড়ে তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন বিকাশ কুমার ও সোনু কুমার নামের আরও দু’জন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। নিজস্ব চিত্র



