Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লিতে হস্টেল ভেঙে মৃত ৫, ধ্বংসস্তূপে আটকে বহু পড়ুয়া

চারপাশ ধুলোয় ঢেকে গিয়েছে। নাক-মুখ চাপা দিয়ে দিশাহারা হয়ে ছুটছে মানুষজন। ইট-কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে শোনা যাচ্ছে বাঁচানোর আর্তি।

দিল্লিতে হস্টেল ভেঙে মৃত ৫, ধ্বংসস্তূপে আটকে বহু পড়ুয়া
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চারপাশ ধুলোয় ঢেকে গিয়েছে। নাক-মুখ চাপা দিয়ে দিশাহারা হয়ে ছুটছে মানুষজন। ইট-কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে শোনা যাচ্ছে বাঁচানোর আর্তি। চাপা পড়া অবস্থায় ভিতর থেকে কেউ কেউ ফোনও করছেন। হাতের কাছে যে যা পাচ্ছে, তা দিয়েই কংক্রিট সরিয়ে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় একের পর এক লোকজনকে নিয়ে সাইরেন বাজিয়ে হাসপাতালের পথে অ্যাম্বুলেন্স। রবিবার এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল বৃষ্টি বিধ্বস্ত দিল্লি। রাজধানীতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাস লাগোয়া সত্য নিকেতন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল হস্টেল। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে মোট দশজনকে। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে বহু। উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রত্যক্ষদর্শীদের কথায়, ঘটনার সময় বহুতলে অন্তত ৫০ জন পড়ুয়া ছিলেন। প্রবল বৃষ্টি। তার উপর ওই বিল্ডিংয়ের বেসমেন্টে নির্মাণকাজ চলছিল। পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, এর জেরেই বাড়িটি ভেঙে পড়েছে। পাশের একটি বহুতলও ধসে পড়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা ঘটনায় ইতিমধ্যেই হস্টেল মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

Advertisement

পাঁচতলা ওই বিল্ডিংয়ের নাম ‘হস্টেল ডেজ’। মূলত ছাত্রদের পিজি। প্রায় ৪০-৫০ বছরের পুরানো এই পিজিতে ৭৫টি বেড রয়েছে। এদিন দুপুর দেড়টার দিকে ভেঙে পড়ে বাড়িটি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। পরের দিকে আর্থ মুভার দিয়েও উদ্ধারকাজ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ-পশ্চিম দিল্লির বিধায়ক অনিল শর্মা। তিনি বলেন, ‘অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। উদ্ধারকাজ চলছে। তবে ভিতরে কতজন আটকে, এখনই তা বলা যাচ্ছে না। ভিতর থেকেই অনেকে ফোন করছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, সবাই যাতে সুস্থ থাকে।’ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। সবাই যাতে সুরক্ষিত থাকে, সেটাই মূল লক্ষ্য। উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরনজিৎ সিং সান্ধুও। এই বহুতল ধস নিয়েও বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব আপ নেতা সৌরভ ভরদ্বাজ।

Advertisement
সম্পর্কিত সংবাদ