গুয়াহাটি: বড়োসড়ো জঙ্গি মডিউলের পর্দাফাঁস করল অসম পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, ধৃতেরা পাকিস্তানের শেহজাদ ভাট্টি জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল। শুক্রবার গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ধুবড়ি, চিরাং ও বরপেটায় অভিযান চালায় এসটিএফ। সঙ্গে ছিলেন জেলা পুলিশের অফিসাররা। এক পদস্থ পুলিশ অফিসার বলেন, ‘তিন জেলা থেকে তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোন, সিম কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।’ এসটিএফের এসএসপি বলেন, ‘পাকিস্তানের এই জঙ্গি নেটওয়ার্ক দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেয়। চরবৃত্তি, স্লিপার সেল তৈরি সহ একাধিক কাজের সঙ্গে যুক্ত ছিল তারা। সবকিছুই হতো আইএসআইয়ের পাক হ্যান্ডলারদের নির্দেশে।একাধিক ছায়া সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে এই জঙ্গি নেটওয়ার্ক। এরমধ্যে রয়েছে তেহরিক ই তালিবান হিন্দুস্তান, খালিস্তান আর্মড ফোর্স ইত্যাদি। গত ২২ মে অসমের নলবাড়িতে তদন্ত চলাকালীন প্রথমবার এই জঙ্গি নেটওয়ার্কের হদিশ মেলে।’



