নয়াদিল্লি: ‘অপরাধ করে বিদেশে পালিয়েও পার পাওয়া যাবে না।’ গত সাত বছরে মোদি সরকার বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে ২৭৪ জন পলাতক অপরাধীকে। ৩৬টি দেশ থেকে তাদের নিয়ে আসা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ২০১৮ সালে আর্থিক ক্ষেত্রে পলাতক অপরাধী সংক্রান্ত আইনটি কার্যকর হয়। তারপরই বিদেশে পাড়ি দেওয়া ফেরার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় কেন্দ্র। তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত থেকে প্রত্যর্পণ প্রক্রিয়ায় গতি আসে। কেন্দ্রের দাবি, ২০১৪ সালের আগে মাত্র ৩৭টি দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি ছিল। বর্তমানে তা বেড়ে হয়েছে ৪৮। ফেরার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পৃথক কোনো আইনও ছিল না। ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে প্রতি বছরে গড়ে মাত্র চারজন ফেরার অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। এছাড়াও ১১০টি প্রত্যর্পণ প্রক্রিয়া ঝুলে ছিল। ২০১৮ ফিউজিটিভ ইকনমিক অফেন্ডার্স আইন লাগু হওয়ার পরে পরিস্থিতি বদলায়। ২০১৯ সালে এনআইএ-এর হাতে আরও ক্ষমতা দেওয়া হয়। এছাড়াও ২০২৫ সালে ‘ভারতপোল’ পোর্টাল চালু হয়েছে। যার মাধ্যমে সিবিআই, রাজ্যপুলিশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে রাজ্য ও কেন্দ্র মিলিয়ে ১৪০০টি সংস্থা তার সঙ্গে যুক্ত। ফলে অপরাধঘটিত তথ্যের আদান-প্রদান হচ্ছে দ্রুত। এসব কারণেই সাফল্য মিলেছে বলে দাবি মোদি সরকারের।



