রাঁচি: ঝাড়খণ্ডে অস্ত্র সহ আত্মসমর্পণ করলেন আরও ২৭ জন মাওবাদী। বৃহস্পতিবার রাঁচিতে ডিজিপি তাদাশা মিশ্রের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারীদের মধ্যে ২৫ জন ‘স্ট্রাইক স্কোয়াড’-এর সদস্য। কেন্দ্রীয় কমিটির সদস্য মিসির বেসরা ও অসীম মণ্ডলের নেতৃত্বাধীন টিমের অংশ ছিলেন তাঁরা। প্রত্যেকেই সারান্ডা ও কোলহানের পার্বত্য অঞ্চলে কার্যকলাপ চালাতেন। আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে আটজনের মাথার মোট দাম ছিল ৩৩ লক্ষ টাকা। পশ্চিম সিংভূমের এসপি অমিত রেণু বলেন, ‘বর্তমানে সারান্ডার জঙ্গলে খুব কম সংখ্যক মাওবাদী সক্রিয় রয়েছে। বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিয়মিত অভিযান চলছে। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।’



