কিয়েভ: ফের ইউক্রেনে রাশিয়ার হানা। ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ সংলগ্ন বুচা শহরে আকাশপথে রুশ হামলায় মৃত্যু হল অন্তত ২৭ জনের। ক্ষতিগ্রস্ত ৫০টি আবাসন। স্থানীয় প্রশাসনের প্রধান তিমুর কাচেঙ্কো বলেন, ওই হামলার জেরে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ী মহলে ত্রাস ছড়িয়েছে। এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, মাইলা গ্রামে এক অস্ত্রভাণ্ডার রাশিয়ান হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। অন্যদিকে যে যে আবাসন ধ্বংস হয়েছে, সেখানকার বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের থাকার সুব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই উপদ্রুত এলাকা থেকে ৩৭০ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন দ্বৈরথে গত সাড়ে চার বছর ধরে দুই দেশেরই সীমান্ত এলাকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতি হলেও আখেরে কয়েকদিনের মধ্যেই ফের শুরু হয় গোলাগুলি। তারই নবতম সংযোজন শুক্রবার রাতের রুশ হামলা।



