নয়াদিল্লি: দীর্ঘদিন সন্তানহীন। তাই বন্ধ্যত্বের পরীক্ষা করাতে দিল্লির একটি হাসপাতালে গিয়েছিলেন ২৬ বছর বয়সি এক যুবক। কিন্তু পরীক্ষা করতেই চক্ষু-চড়কগাছ চিকিৎসকদের। পুরুষের যাবতীয় বাহ্যিক বৈশিষ্ট্য থাকা ওই যুবকের দেহে রয়েছে জরায়ু। শুধু তাই নয় তাঁর অণ্ডকোশটিও তাঁদের স্বাভাবিক জায়গায় নেই। তাদের অবস্থান পেটের ভিতর, যা অত্যন্ত বিরল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, এখনও পর্যন্ত গোটা পৃথিবীতে তিনশোর কম পুরুষের শরীরে এই বিষয়টি লক্ষ্য করা গিয়েছে।
দিল্লির আর জি হাসপাতালের চিকিৎসক সুশীল খারবান্দা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ে তাঁর অণ্ডকোশ দু’টি সঠিক জায়গায় নেই। তাঁর বীর্যেও কোনো শুক্রানুর উপস্থিতি মেলেনি, যাকে চিকিৎসার ভাষায় বলা হয় অ্যাজুস্পার্মিয়া। এরপরেই এমআরআই ও আলট্রাসাউন্ড পরীক্ষায় যুবকের দেহে জরায়ুর ও ফ্যালোপিয়ান টিউবের মতো অঙ্গের খোঁজ মেলে। পাশাপাশি যুবকের অণ্ডকোশ দু’টিও ছিল ক্ষয়প্রাপ্ত। চিকিৎসকরা জানিয়েছেন, এই বিরল পরিস্থিতির নাম পারসিসেন্ট মুলারিয়ান ডাক্ট সিনড্রোম সংক্ষেপে পিএমডিএস, যা একটি জন্মগত রোগ। এর ফলে পুরুষের বন্ধ্যত্বও হতে পারে। ইতিমধ্যেই ল্যাপারোস্কপির মাধ্যমে ওই যুবকের জরায়ু ও অণ্ডকোশ দু’টি বাদ দেওয়া হয়েছে। না হলে ওই যুবকের শরীরে ক্যানসার বাসা বাঁধতে পারত।