নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃত ৬ জনকে এনআইএ হেপাজত এবং ২৫ জনকে জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। শুক্রবার কলকাতার বিচার ভবনের এনআইএ বিশেষ আদালত ওই নির্দেশ দেয়। এনআইএ’র বিশেষ সরকারি কৌঁসুলি শ্যামল ঘোষ জানান, এদিন অভিযুক্ত পক্ষ থেকে আদালতে জামিনের আরজি জানানো হয়। যদিও সরকার পক্ষ তার জোরালো আপত্তি করে। ইতিমধ্যে এই মামলার কেস ডায়েরি রাজ্য পুলিশ থেকে এনআইএ হেপাজতে এসেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা লাগু করা হয়েছে। এদিন অভিযুক্ত পক্ষ থেকে যে কোনো শর্তে জামিনের আবেদন জানানো হয়। ফজলে আহমেদ খান নামে তাঁদের এক কৌঁসুলি দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ধারা লাগু করা হয়েছে। যার কোনো ভিত্তি নেই। তাই অহেতুক তাঁদের হাজতে রেখে মামলা চালানোর কোনো যুক্তিও নেই। অন্যদিকে, এনআইএ’র অভিযোগ, অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই এই অবস্থায় ধৃতদের জামিন দিলে মামলার তদন্ত ব্যাহত হবে। তাই তাঁদের জামিনের আবেদন নাকচ করা হোক। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক মামলার কেস ডায়েরি খতিয়ে দেখে জামিনের আবেদন বাতিল করে দেন। বিচারক ৬ জনকে ১৯ মার্চ পর্যন্ত এনআইএ হেপাজত এবং ২৫ জনকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।



