Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বেসরকারি সংস্থার কর্মীকে মারধর করে আড়াই লক্ষ ছিনতাই, ধৃত ৪

খাস কলকাতায় দিনের আলোয় ছিনতাইয়ের ঘটনা ঘটল। বেসরকারি কোম্পানির এক কর্মীর পথ আটকে তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে প্রায় আড়াই লক্ষ টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা।

বেসরকারি সংস্থার কর্মীকে মারধর করে আড়াই লক্ষ ছিনতাই, ধৃত ৪
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতায় দিনের আলোয় ছিনতাইয়ের ঘটনা ঘটল। বেসরকারি কোম্পানির এক কর্মীর পথ আটকে তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে প্রায় আড়াই লক্ষ টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। ২৬ মে ঘটনাটি ঘটেছে বালিগঞ্জ থানা এলাকার শরৎ বোস রোডে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেসরকারি কোম্পানির কর্মী অরবিন্দ রায় মালিকের নির্দেশ মতো ২৬ মে সকালে অফিস থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে কাঁকুলিয়া যাচ্ছিলেন। অরবিন্দ লিখিত অভিযোগে জানিয়েছেন, অফিস থেকে বেরনোর পর তাঁর পিছু নিয়েছিল চার যুবক। বিষয়টিকে তিনি পাত্তা দেননি। কিছুটা যাওয়ার পর তাঁকে ঘিরে ধরে চারজন। তারপর ব্যাপক মারধর করা হয়। তিনি টাকার ব্যাগ বুকে চেপে আগলানোর চেষ্টা করলেও শেষ অবধি তারা কেড়ে নিয়ে চলে যায়। ওই অবস্থায় তিনি ‘চোর চোর’ বলে চিৎকার করলেও লাভ হয়নি। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ছিনতাইয়ের কেস রুজু করে তদন্তে নামে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ অভিযোগের সত্যতা যাচাই করে। ফুটেজ দেখে তদন্তকারীরা নিশ্চিত হন, তাঁকে মেরেই টাকার ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। অভিযুক্ত চারজনকে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, তারা বালিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। তার ভিত্তিতে বুধবার রাতে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার অভিযুক্তদের আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তদের আইনজীবী সৈকত রক্ষিত বলেন, তারা ওই ঘটনায় জড়িত, এমন কোনো প্রমাণ নেই। সরকারি আইনজীবী সৌরীণ ঘোষাল বলেন, অভিযুক্তদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকার একাংশ উদ্ধার হয়েছে। সওয়াল শেষে তাদের পুলিশ হেপাজতে পাঠায় আদালত। ওই কর্মী যে টাকা নিয়ে যাচ্ছেন, এই খবর তাদের কে দিয়েছিল, কোম্পানির কেউ জড়িত কি না, তা তাদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ