Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বনগাঁর চার আসনে বাদ ২২ হাজার! সিংহভাগই মতুয়া

উত্তর ২৪ পরগনায় ভোটার তালিকা সংশোধনকে ঘিরে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। সেই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে মতুয়া সম্প্রদায়।

প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বনগাঁর চার আসনে বাদ ২২ হাজার! সিংহভাগই মতুয়া
  • ৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনায় ভোটার তালিকা সংশোধনকে ঘিরে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। সেই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে মতুয়া সম্প্রদায়। জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভের আগুন ছড়ালেও গাইঘাটা ও বাগদা কার্যত হয়ে উঠেছে ক্ষোভের মূল কেন্দ্র। নির্বাচন কমিশনের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় মোট ৮৫ হাজার ৮৪৯ জন বিচারাধীন ভোটারের নাম বাদ গিয়েছে। তবে এই সামগ্রিক সংখ্যার আড়ালে স্পষ্ট হয়ে উঠছে এক অসম চিত্র— মতুয়া অধ্যুষিত এলাকায় বাদ যাওয়া বিচারাধীন ভোটারের হার তুলনায় অনেকটাই বেশি।

Advertisement

সূত্রের খবর, বনগাঁ মহকুমার চারটি বিধানসভা এলাকায় নাম বাদ গিয়েছে ২২ হাজার ৫০৯ জনের। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গাইঘাটা কেন্দ্রে। এখানে বিচারাধীন ভোটার ছিলেন ২২ হাজার ২৭৮ জন। তার মধ্যে এক ধাক্কায় বাদ গিয়েছে ১৬ হাজার ২২২ জনের নাম। বাগদা কেন্দ্রের চিত্রও কম উদ্বেগজনক নয়। এখানে বিচারাধীন ছিলেন ১৩ হাজার ৪৫৯ জন। প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় তার মধ্যে বাদ গিয়েছে ৫ হাজার ৮৯০ জন। বনগাঁ উত্তরে বিচারাধীন ছিলেন ১২ হাজার ২৯৬ জন। সেখানে অবশ্য বাদের খাতায় রয়েছে ৮৬ জন। বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ১৩ হাজার ৪৪৭ জন বিচারাধীনের মধ্যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ গিয়েছে ৩১১ জন। এই জেলার অন্যান্য অংশেও নাম বাদ গিয়েছে অনেকের, যদিও সেই চিত্র সর্বত্র এক নয়। এই পরিসংখ্যানই প্রশ্ন তুলছে, নির্দিষ্ট কিছু কেন্দ্রে নাম বাদ পড়ার হার এত বেশি কেন? বিশেষ করে গাইঘাটা ও বাগদার মতো মতুয়া অধ্যুষিত এলাকায় কেন এই প্রবণতা? স্থানীয়দের দাবি, কয়েক দশক ধরে এই এলাকায় বসবাস, নিয়মিত ভোটদান— সব কিছু থাকা সত্ত্বেও হঠাৎ করে ‘বিচারাধীন’ তকমা দিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে। মতুয়া সম্প্রদায়ের মানুষের অভিযোগ, এটি নিছক প্রশাসনিক ত্রুটি নয়। পরিকল্পিত বঞ্চনা। গাইঘাটার বাসিন্দা সুময় হালদার বলেছেন, বেছে বেছে মতুয়াদের নামই বাদ দেওয়া হয়েছে। আমাদের নাগরিকত্ব দেওয়া হবে বলা হলেও, তা দেওয়া হয়নি। এখন আমরা অসহায়। 
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী থেকে শান্তনু ঠাকুররা বলেছিলেন, মতুয়াদের নাম বাদ যাবে না। বাদ যাবে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম। আগেই এই চার কেন্দ্র থেকে বাদ গিয়েছে ৩৬ হাজার ৯০১ জনের নাম। এবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ গেল ২২ হাজার ৫০৯ জন। এই সংখ্যা আরও বাড়বে। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের সিংহভাগই মতুয়া। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ বলেন, নাম বাদ পড়ায় বাসিন্দাদের ক্ষোভ হওয়া স্বাভাবিক। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইবুনালে আবেদন করলে পরবর্তীকালে নাম উঠবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ