নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েই কিছু উপভোক্তা নতুন বাড়ি তৈরি করে গৃহপ্রবেশ সেরে ফেলেছেন। কিন্তু বহু উপভোক্তা এখনও তাঁদের বাড়ি নির্মাণের কাজ শুরু করতে পারেননি। তার একটি অন্যতম কারণ, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লকে রাজমিস্ত্রির সঙ্কট দেখা দিয়েছে। প্রতিটি ব্লকে যে সংখ্যক বাড়ি তৈরি হওয়ার কথা, তার জন্য পর্যাপ্ত সংখ্যায় মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে যাঁরা ‘বাংলার বাড়ি’র টাকা পেয়েছিলেন, তাঁদের অনেকেই কাজ এগিয়ে নিয়েছেন। কিন্তু অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসখানেক আগে টাকা ঢুকেছে। তাঁদের মধ্যে অনেকে এখনও বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি। ইট, বালি, সিমেন্ট কিনে মিস্ত্রির জন্য বসে আছেন তাঁরা।



