Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২০০ জনের প্রাণ গেলেও জল নেই প্রধানমন্ত্রীর চোখে! খোঁচা তৃণমূলের

রবিবার কোচবিহারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেসব অভিযোগ করেছেন, তার জবাব দিয়েছে তৃণমূল

২০০ জনের প্রাণ গেলেও জল নেই প্রধানমন্ত্রীর চোখে! খোঁচা তৃণমূলের
  • ৬ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার কোচবিহারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেসব অভিযোগ করেছেন, তার জবাব দিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের তরফে শশী পাঁজা এবং ব্রাত্য বসু একযোগে আক্রমণ করেন মোদিকে। শশী পাঁজার বক্তব্য, ‘এসআইআর প্রক্রিয়া পুরোটাই অপরিকল্পিত। এই প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশন নিযুক্ত বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষের প্রাণ গিয়েছে। ২০০ জনের উপর প্রাণ হারিয়েছেন  বাংলায়। এতজনের মৃত্যুর পরও চোখে জল আসেনি প্রধানমন্ত্রীর। উলটে তিনি কমিশনের প্রশংসা করছেন!’ শশীর অভিযোগ, অপরিকল্পিত এসআইআরের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে বিজেপি ও তাদের সহযোগী নির্বাচন কমিশন। আসলে বিজেপি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় না। তাই নানাভাবে অশান্তি তৈরির ছক কষছে। প্রত্যেক ভোটের আগে রাজনৈতিক দলগুলি তাদের ইস্তাহার প্রকাশ করে থাকে। এদিন কোচবিহারের জনসভা থেকে নরেন্দ্র মোদি অভিযোগ করেন, ‘কেন ইস্তাহার শব্দটি ব্যবহার করেছে তৃণমূল? ওই শব্দটি বাংলার নয়।’ পালটা জবাব দিতে  গিয়ে ব্রাত্য বসু বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে বিজেপিই তো ইস্তাহার শব্দটি ব্যবহার করেছে। তাহলে কোন কাণ্ডজ্ঞানে এখন এই শব্দ নিয়ে সমালোচনা করেন উনি?’ মোদি যে কায়দায় এবং যে ধরনের শব্দ ব্যবহার করে বক্তব্য রেখেছেন, তা সিনেমার গব্বর সিংয়ের ‘ডায়লগবাজি’ মনে করাচ্ছে বলে কটাক্ষ করেছে তৃণমূল।

Advertisement
সম্পর্কিত সংবাদ