


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাইক নিয়ে রেল লাইন পেরতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরলেন দুই যুবক। রক্ষা পেল ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকালও। মঙ্গলবার সকালে সোনারপুরের বিদ্যাধরপুর স্টেশন সংলগ্ন মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটে। দুই যুবক বাইক নিয়ে রেল লাইনে উঠতেই সেটি আটকে যায়। তখনই উল্টো দিক থেকে একটি লোকাল ট্রেন আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। কোনওরকমে লাইনের উপর বাইক ফেলে দৌড়ে পালিয়ে যান দু’জনেই। ট্রেন চালক ব্রেক কষলেও থামানো সম্ভব হয়নি। লাইনের উপর পড়ে থাকা বাইকটিকে কিছুটা দূর পর্যন্ত ধাক্কা দিয়ে টেনে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থামে। ঘটনার জেরে ডাউন ক্যানিং লাইনে আধ ঘণ্টারও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শী ইন্দ্রজিৎ দাস বলেন, ‘দু’জন যুবক রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেন আসছে দেখে বাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়। চালক ব্রেক কষলেও ট্রেনটি থামানো সম্ভব হয়নি।’ খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি এবং রেলের কর্মীরা। যৌথ উদ্যোগে দুর্ঘটনাস্থল থেকে বাইকটিকে সরিয়ে নেওয়া হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যে জায়গা দিয়ে ওই যুবকরা লাইন পেরনোর চেষ্টা করছিলেন, সেখানে কোনও রাস্তা নেই। তাহলে কেন এমন ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলেন তাঁরা, তা বুঝে উঠতে পারছেন না সোনারপুর জিআরপির আধিকারিকরা। দুই যুবকের খোঁজ শুরু করেছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যাধরপুর স্টেশন থেকে ট্রেনটি সবেমাত্র ছেড়েছিল। তখনও বেশি গতি তুলতে পারেনি। সে কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। নিজস্ব চিত্র