Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তোলাবাজির অভিযোগে তৃণমূলের ২ ঘনিষ্ঠ গ্রেপ্তার, স্বস্তিতে ব্যবসায়ীরা

দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে হাওড়ার মঙ্গলাহাটে ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল হাওড়া থানার পুলিশ।

তোলাবাজির অভিযোগে তৃণমূলের ২ ঘনিষ্ঠ গ্রেপ্তার, স্বস্তিতে ব্যবসায়ীরা
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে হাওড়ার মঙ্গলাহাটে ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল হাওড়া থানার পুলিশ। মঙ্গলবার তোলাবাজির সময় হাতেনাতে সন্তোষ সিং ও মোহন সাউকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে তোলা হলে পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে জোর করে টাকা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জনই ওই এলাকার এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, সন্তোষ সিং গত কয়েক বছর ধরেই মঙ্গলাহাটে নিয়মিত তোলাবাজি চালাত। বিশেষ করে হাওড়া হাসপাতালের পিছনে চার্চ রোডে হাটের দিনগুলিতে অস্থায়ীভাবে বসা ব্যবসায়ীদের কাছ থেকে সে নিয়মিত টাকা আদায় করত বলে অভিযোগ। রাজনৈতিক প্রভাব থাকায় তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি অনেক ব্যবসায়ী। মোহন সাউয়ের বিরুদ্ধে বঙ্কিম সেতুর নীচে বসা ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ রয়েছে। মঙ্গলবার পুলিশি অভিযানে দুই অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করা হয়। এই গ্রেপ্তারের ঘটনায় মঙ্গলাহাটের ব্যবসায়ীদের একাংশ স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের আশা, পুলিশের এই পদক্ষেপে দীর্ঘদিনের তোলাবাজি হয়ত বন্ধ হবে এবং হাটের ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ