নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একাধিক পালক। নাগাল্যান্ডের এনটিউ এবং ফেনসুনিউ গ্রাম থেকে দু’টি নয়া প্রজাতির মাকড়সার সন্ধান পেলেন জেডএসআইয়ের বিজ্ঞানীরা। গ্রামের নামে সেগুলির নাম রাখা হয়েছে সেক্রস এনটিউ এবং সেক্রস ফেনসুনিউ। এছাড়াও, আরও একটি অষ্টপদী প্রাণীর ট্যাক্সোনমি রিভিশনও করেছে জেডএসআই। সেটি হল ইন্ডিয়ান থেলিফোনিডস। সাধারণভাবে এগুলি হুইপ স্করপিওনস বা ভিনিগারুনস বলেও পরিচিত। গঠন অনেকটা একইরকম হলেও আসল স্করপিওন বা কাঁকড়া বিছের মতো এগুলিতে বিষস্থলী থাকে না। এর পরিবর্তে লম্বা লেজের ডগা থেকে শত্রুদের তাড়াতে ভিনিগার জাতীয় তরল ছুড়ে দেয়। সেই কারণেই এগুলির এমন নাম। সারা পৃথিবীতে ১৩৮ ধরনের ভিনিগারুনস থাকলেও ভারতীয় প্রজাতিগুলি নিয়ে তেমন চর্চা ছিল না। দেখা গিয়েছে, এদের অবস্থানও বেশ চমকপ্রদ। উত্তর-পূর্ব ভারত, মায়নমার, দক্ষিণ পশ্চিম চীনে এগুলির সন্ধান মিললেও পশ্চিম ভারত, পাকিস্তান, আফগানিস্তান বা ইরানে এদের দেখা মেলে না। ভারতীয় পাঁচটি ভিনিগারুনসের মধ্যে চারটির বিস্তারিত বর্ণনা দিয়েছে জেডএসআই।



