Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬

আমিরশাহিতে মৃত্যুদণ্ড আরও ২ ভারতীয়র

শুধু উত্তরপ্রদেশের শাহজাদি খান নন, আরও দুই ভারতীয়কে ফাঁসিতে ঝোলানো হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। তাঁরা হলেন মহম্মদ রিনাশ আরাঙ্গিলোট্টু এবং মুরলীধরণ পেরামতত্ত ভেলাপ্পিল।

আমিরশাহিতে মৃত্যুদণ্ড আরও ২ ভারতীয়র
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শুধু উত্তরপ্রদেশের শাহজাদি খান নন, আরও দুই ভারতীয়কে ফাঁসিতে ঝোলানো হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। তাঁরা হলেন মহম্মদ রিনাশ আরাঙ্গিলোট্টু এবং মুরলীধরণ পেরামতত্ত ভেলাপ্পিল। দু’জনেই কেরলের বাসিন্দা। দু’টি পৃথক খুনের ঘটনায় তাঁদের মৃত্যুদণ্ড দিয়েছিল আমিরশাহির আদালত। 

Advertisement

আমিরশাহির এক নাগরিককে খুনের দায়ে রিনাশকে মৃত্যুদণ্ড দিয়েছিল সেদেশের আদালত। ২০০৯ সাল থেকে তিনি জেলে ছিলেন। অপরদিকে আমিরশাহিতে এক ভারতীয়কে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন মুরলীধরণ। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, উভয়ের জন্য আইনি সহায়তা প্রদান দেওয়া হয়েছিল। পাশাপাশি আমিরশাহি সরকারের কাছে প্রাণভিক্ষার আর্জিও জানায় দূতাবাস। কিন্তু সেসব আবেদন খারিজ হয়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি ভারতীয় দূতাবাসকে সরকারিভাবে জানানো হয়, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ইতিমধ্যে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। দু’জনের পরিবার যাতে শেষকৃত্যে যোগ দিতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে।
গত মাসে উত্তরপ্রদেশের তরুণী শাহজাদিকে ফাঁসি দিয়েছে আমিরশাহি প্রশাসন। চার মাসের এক শিশুকে খুনের দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। গত ১৫ ফেব্রুয়ারি আবুধাবির জেলে ফাঁসি দেওয়া হয় ভারতীয় মহিলাকে। তাঁর ক্ষেত্রেও রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন দাখিল করেছিল দূতাবাস। এদিকে শাহজাদির শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য তাঁর বাবা সাব্বির খানকে দুবাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে বিদেশ মন্ত্রক। গত ১৩ ফেব্রুয়ারি বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কার্তি বর্ধন সিং বলেন, আমিরশাহিতে ২৯ জন ভারতীয়কে বিভিন্ন অপরাধে ফাঁসির সাজা শোনানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ