সংবাদদাতা, কালনা: দিদির বাড়ি থকে ফেরার পথে কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। মৃতের নাম বুধো দাস (৩২)। বাড়ি নাদনঘাট থানার রাজাপুর ভাতশালায়। পুলিশ ঘাতক কন্টেনারটি আটক করেছে। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাদনঘাট থানার রাজাপুর ভাতশালা গ্রামের বাসিন্দা বুধো শনিবার বিকেলে নরসৎপুর পঞ্চায়েতের পারুলডাঙায় দিদির বাড়ি বেড়াতে যান। রাত ১০টা নাগাদ বাইক চালিয়ে এসটিকেকে রোড ধরে বাড়ি ফেরার পথে কাঞ্চনতলার কাছে উল্টোদিক থেকে আসা একটি কন্টেনার বাইকে ধাক্কা মারলে ঘটে বিপত্তি। দুর্ঘটনার জেরে বুধো রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। তাঁকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। অন্যদিকে, এদিনই সন্তানকে স্কুটিতে চাপিয়ে শ্বশুরবাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। মৃতার নাম মাধুরী মহান্ত (৩০)। ঘটনায় পাঁচ বছরের শিশুসন্তান জখম হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে মন্তেশ্বরে বাপের বাড়ি থেকে পাঁচ বছরের সন্তানকে স্কুটিতে চাপিয়ে দেনুরে শ্বশুরবাড়ি আসছিলেন মাধুরীদেবী। পথে পুটশুরির কাছে একটি ট্রাক্টর পিছন দিক থেকে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দু’জন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয়। স্থানীয় বাসিন্দারা দু’জনকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক হাসপাতালে নিয়ে গেলে মাধুরী মহান্তকে চিকিৎসক মৃত বলে জানান। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অপর দিকে, এদিনই হুগলি জেলার বলাগড় থানার গুপ্তিপাড়ায় রবিবার সকালে রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক বৃদ্ধার। মৃতার নাম হিরণী বিশ্বাস (৭৯)। কালনার বাসিন্দা মৃতার মেয়ে আল্পনা বৈরাগী বলেন, বুধবার মাকে দেখে আসি। মা সুস্থ ছিলেন। রবিবার সকালে জানতে পারি মায়ের মৃত্যু হয়েছে। আমরা গিয়ে দেখি মায়ের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ভাইয়েরা মাকে ঠিক মতো খেতে পরতে দিত না। মায়ের মৃত্যু আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



