নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পুজোর আগেই বাঁকুড়া শহরের বেহাল রাস্তাঘাট সংস্কার করবে পুরসভা। এজন্য দু’কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পুর কর্তৃপক্ষ দিনক্ষণ বেঁধে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। বাঁকুড়া পুরসভার প্রশাসক তথা সদর মহকুমা শাসক প্রলয় মণ্ডল বলেন, শহরের বেশিরভাগ বেহাল রাস্তা আমূল সংস্কার হবে। এজন্য দু’কোটি টাকা মঞ্জুর হয়েছে। ৫অক্টোবরের মধ্যে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বাঁকুড়া শহরের বেশিরভাগ রাস্তা বেহাল হয়ে পড়েছে। গতবছর বর্ষার পর কিছু রাস্তা সারাই করা হয়েছিল। কিন্তু বছর ঘুরতেই তা ফের বেহাল হয়ে পড়েছে। রাস্তা খানাখন্দে ভরে যাওয়ায় মাঝেমধ্যেই টোটো সহ অন্য যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। অনেকে জখম হচ্ছেন। এনিয়ে শহরের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া শহরের রাস্তাঘাটের বেহাল অবস্থা অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। বিজেপি ক্ষমতায় এসে জেলায় জেলায় বেহাল রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এনিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। এরপরই শহরের রাস্তা সারাতে পুর ও নগরোন্নয়ন দপ্তর টাকা বরাদ্দ করেছে।
পুরসভা জানিয়েছে, পুজোর আগে শহরের ১৭টি রাস্তা আমূল সংস্কার হবে। ওই সমস্ত রাস্তার জন্য দু’কোটি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া, আরও ৩৪টি রাস্তা পুর কর্তৃপক্ষ চিহ্নিত করেছে। ওই সমস্ত রাস্তার কিছু অংশ বেহাল থাকায় মেরামতি প্রয়োজন। তবে এজন্য পুরসভা টাকা বরাদ্দ করবে না। কারণ গত পাঁচবছরের মধ্যে তৈরি বা সংস্কার হওয়া ওই সমস্ত রাস্তার ‘গ্যারান্টি পিরিয়ড’ শেষ হয়নি। তাই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের ওই ৩৪টি রাস্তা মেরামত করে দিতে হবে। সেজন্য পুর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ঠিকাদারদের নোটিশ পাঠাতে উদ্যোগী হয়েছে।
একটি রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার তরফে বাঁকুড়া শহরের বাড়ি বাড়ি পাইপলাইনের সংযোগ দেওয়া হচ্ছে। সেই পাইপ বসানোর জন্য শহরের অনেক রাস্তা কাটা হয়েছে। পুরসভার অভিযোগ, সংস্থার তরফে ওই সমস্ত রাস্তা ফের মেরামত করে দেওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে ভালোভাবে সংস্কার করা হয়নি। এনিয়ে আগেই বিতর্ক দানা বেঁধেছিল। বিগত পুরবোর্ড ও সংশ্লিষ্ট সংস্থার মধ্যে চিঠি চালাচালিও হয়েছিল। কিন্তু তারপর বিষয়টি ধামাচাপা পড়ে যায়। মহকুমা শাসক বলেন, গ্যাস সংস্থা রাস্তা কাটলে তাদেরই মেরামত করতে হবে। এর কোনো অন্যথা চলবে না। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। বাঁকুড়া বাসস্ট্যান্ডের সামনে রাস্তার বেহাল দশা। -নিজস্ব চিত্র