Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আইপিএল নিয়ে জুয়া চালানোর অভিযোগ, শামুকতলা থেকে ধৃত ২

আইপিএল নিয়ে জুয়া চালানোর অভিযোগ, শামুকতলা থেকে ধৃত ২
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: সন্ধ্যার পর থেকে আইপিএল খেলা দেখতে বুঁদ হয়ে পড়ছে আট থেকে আশি। কেউ টিভির সামনে, কেউ বা হাতে মোবাইল নিয়ে খেলার মজা নিচ্ছেন। কিন্তু, এর মধ্যে কারবারিরা তাদের ‘কাজে’ নেমে পড়েছে। আইপিএল নিয়ে প্রতিদিন চালিয়ে যাচ্ছে অনলাইন জুয়া।  বৃহস্পতিবার এই অভিযোগে শামুকতলা থানার পুলিস দুই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃত দুই যুবকের নাম মিঠুন সরকার এবং প্রলয় দত্ত। গ্রেপ্তারের পাশাপাশি ধৃত দুই যুবকের কাছ থেকে পুলিস নগদ চার হাজার টাকাও বাজেয়াপ্ত করেছে। ধৃতদের বাড়ি আলিপুরদুয়ার-২ ব্লকের মধ্য পারোকাটা এবং ভাটিবাড়ি এলাকায়। 

Advertisement

গোপন সূত্রে আইপিএলের অনলাইন জুয়ার খবর পেয়ে এদিন রাতে মধ্য পারোকাটার পুলপাড় এলাকায় অভিযান চালায় পুলিস। সেখানে একদল যুবক আইপিএলে অনলাইন জুয়া খেলছিল। পুলিস দেখে বাকিরা পালিয়ে গেলেও দুই যুবক ধরা পড়ে। প্রাথমিক তদন্তে ধৃতদের জেরা করে পুলিস জানতে পেরেছে, শহরাঞ্চলের পাশাপাশি এখন গ্রামাঞ্চলেও আইপিএলের নামে জুয়ার চক্র জাঁকিয়ে বসেছে। সন্ধ্যার পর গ্রামের মোড়ে গাছতলায় বসে এই জুয়া চলছে। কোন দল কত রান করবে, কোন ব্যাটসম্যান এদিন সেরা পারফর্ম করবে, কোন বোলার বেশি উইকেট নিতে পারে, এসব ভাগে ভাগে জুয়া চালাচ্ছে কিছু চক্র। হেরে গেলে গোটা টাকা নিজেদের পকেটে পুরে নিচ্ছে আসল কারবারিরা। মোটা টাকার লেনদেন চলছে অনলাইনে। ধৃত যুবকদের জেরা করে পুলিস এই চক্রের অন্যান্য পাণ্ডাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।
পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, আইপিএলকে কেন্দ্র করে জুয়া চালানোর  অভিযোগে শামুকতলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়া রুখতে শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও নজরদারি বাড়ানো হয়েছে। পুলিস সতর্ক রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ