সুন্দরবনের মৈপীঠে জঙ্গলের পাশে বসল ১৯০টি সৌরবাতি, খুশি গ্রামের বাসিন্দারা
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: সুন্দরবনের মৈপীঠে প্রতি পদে বাঘের ভয়। বাঘ লোকালয় সংলগ্ন জঙ্গলে চলে এলে বাড়ে আতঙ্ক। জঙ্গলের পাশে রাস্তায় নেই আলো। সন্ধ্যায় অন্ধকারে ঢাকে গ্রাম। বাঘ এলে তো গ্রামবাসীদের রাস্তায় নামা দুষ্কর হয়ে ওঠে। অবশেষে সেই রাস্তায় বসল সৌরবাতি। রবিবার এর উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও। ছিলেন দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগীয় আধিকারিক নিশা গোস্বামী সহ গোসাবার বিধায়ক বিকর্ণ নস্কর সহ অন্যরা। এদিন বনমন্ত্রী বলেন, এই বাতি আরও বসাতে হবে। তিনি আরও বলেন, সুন্দরবনের বাঘ বাড়লে পর্যটন বাড়বে ও অর্থনৈতিক উন্নতি হবে।

Advertisement

গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের পূর্ব ও মধ্য গুড়গুড়িয়া গ্রামে রাস্তায় সৌর বিদ্যুৎ চালিত বাতি বসানো হয়েছে। মোট ১৯০টি সৌরবাতি বসেছে। জানা গিয়েছে, এর ফলে ১৫০০ গ্রামবাসী উপকৃত হবেন। গ্রামবাসীরা বলেন, বাঘ লোকালয়ে ঢুকলে ঘুম উড়ে যায়। রাস্তায় পোস্ট থাকলেও আলো নেই। সৌরবিদ্যুৎ চালু হওয়ায় কিছুটা ভয় দূর হবে। মানুষ ঘর থেকে বেরতে পারবে। এদিন এই অনুষ্ঠানে বনমন্ত্রী বলেন, বিগত রাজ্য সরকার না ফেন্সিংয়ের কাজে নজর দিয়েছে, না দেখেছে মৎস্যজীবীদের দিকে। একটু সময় দিন। দ্রুত এগুলো দেখা হবে। অনুষ্ঠানে মহিলাদের ভিড় ছিল যথেষ্ট।  সৌরবাতির উদ্বোধনে বনমন্ত্রী।-নিজস্ব চিত্র