Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে নতুন ১৮টি আইটিআই

রাজ্যে নতুন ১৮টি আইটিআই
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: চাহিদা ক্রমশ বাড়ছে। তাই নতুন আরও ১৮টি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) তৈরি করছে রাজ্য সরকার। কোনও জেলায় দু’টি, কোথাও তিনটি করে আইটিআই তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে। এই ট্রেনিং ইনস্টিটিউটগুলির জন্য জমিও চিহ্নিত হয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী, যে দপ্তরের হাতে থাকা জমি চিহ্নিত হয়েছে, তাদের এখন কারিগরি শিক্ষা দপ্তরকে জমি হস্তান্তর করতে হবে। জেলায় জেলায় এখন সেই প্রক্রিয়া চলছে বলে খবর। এক-একটি আইটিআই তৈরি করতে কমপক্ষে ২৫ কোটি টাকা খরচ ধরা হয়েছে।

Advertisement

অষ্টম শ্রেণি পাশ করলেই আইটিআইতে ভর্তির সুযোগ পাওয়া যায়। তাছাড়া দশম বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলে এখানে কোর্স করাও যায়। দু’বছর ক্লাস করলে চাকরি নিশ্চিত হওয়ার পথ সুগম হয়। দপ্তরের আধিকারিকদের বক্তব্য, প্রতি বছরই একটা বড় সংখ্যার ছাত্রছাত্রী সাধারণ ডিগ্রি কলেজের চেয়ে আইটিআইয়ে ভর্তি হতে আগ্রহ দেখাচ্ছে। আসন পূরণ হয়ে যাওয়ায় সুযোগ মেলেনি কোথাও, এমন ঘটনাও রয়েছে একাধিক। তাই পরিস্থিতি বিবেচনা করে যেসব জেলায় ভর্তির চাহিদা বেশি, সেখানে নতুন আইটিআই খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে প্রায় ৫০টি আইটিআই রয়েছে। নতুন করে ১৮টি আইটিআই হবে মোট ১১টি জেলায়। এই পর্বে সর্বাধিক আইটিআই হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। সেখানকার নওদা, সূতি ১, লালগোলা এবং নবগ্রাম ব্লকে একটি করে আইটিআই হবে। এছাড়া, মালদহের রতুয়া ১, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২, পূর্ব বর্ধমানের রায়না ২, কোচবিহারের সিতাই, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লক ও উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভা এলাকায় একটি করে আইটিআই স্থাপন করার অনুমোদন দিয়েছে সরকার। এর পাশাপাশি, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় দুটি করে আইটিআই হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ