Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারইয়ে উদ্ধার ১,৬৫০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ, ধৃত চালক

মুরারইয়ে পুলিশের অভিযানে উদ্ধার হল ১,৬৫০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। চালক মুকলেসুর শেখ গ্রেপ্তার, মাদক পাচারের চক্রের অনুসন্ধান চলছে।

মুরারইয়ে উদ্ধার ১,৬৫০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ, ধৃত চালক
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট : গাড়ির সিটের তলায় তৈরি হয়েছিল গোপন জায়গা। আর সেখানেই অত্যন্ত চতুরতার সঙ্গে লুকিয়ে পাচার হচ্ছিল নিষিদ্ধ মাদক। কিন্তু শেষরক্ষা হয়নি। বীরভূম জেলার মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে বড়োসড়ো সাফল্য পেল মুরারই থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কোডিন মিশ্রিত কফসিরাপ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং পাচারের কাজে ব্যবহৃত স্করপিও গাড়িটিও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক মুকলেসুর শেখ (২২)। সে সাঁইথিয়া থানার বাগডোলার বাসিন্দা। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, মুরারই দিয়ে একটি গাড়িতে করে প্রচুর পরিমাণে মাদক নিয়ে যাওয়া হচ্ছে। সেই সূত্র ধরেই শুক্রবার রাতে মুরারই থানার একটি বিশেষ দল মুরারই- চাতরা রোডের বঠিয়া গ্রামের চার ফুকো এলাকায় ওত পেতে বসে ছিল। গভীর রাতে একটি সন্দেহভাজন সাদা রঙের স্করপিও গাড়িকে আটকায় পুলিশ। প্রাথমিক তল্লাশিতে গাড়িটি স্বাভাবিক মনে হলেও পুলিশকর্তাদের সন্দেহ দূর হয়নি। এরপরই শুরু হয় তল্লাশি। দেখা যায়, গাড়ির সিটের তলায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছে তিনটি নাইলনের বস্তা। সেই বস্তাগুলি খুলতেই উদ্ধার হয় ১,৬৫০টি সিল করা কোডিন মিশ্রিত কফ সিরাপের বোতল! 

Advertisement

পুলিশ জানিয়েছে, এই বিপুল পরিমাণ কফ সিরাপ পরিবহণের কোনো বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় চালককে গ্রেপ্তার করে এবং মাদকসহ স্করপিও গাড়িটি বাজেয়াপ্ত করে। সেইসঙ্গে গাড়ির মালিকের খোঁজ শুরু হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, গাড়ির সিটের তলায় লুকিয়ে যেভাবে এই মাদক পাচার হচ্ছিল, তাতে স্পষ্ট যে এই চক্রটি অত্যন্ত পেশাদার। এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মুরারই থানার পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ