Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সকালে ১৫০, বিকেলে ৪০০! ফুলবাড়ি টোলপ্লাজায় চলছে মর্জিমাফিক টাকা তোলা

সকালে ১৫০, রাত হতেই ৪০০ টাকা টোল আদায়ের অভিযোগ উঠেছে এসজেডিএ (শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ) নিয়ন্ত্রিত শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি টোলপ্লাজাতে

সকালে ১৫০, বিকেলে ৪০০! ফুলবাড়ি টোলপ্লাজায় চলছে মর্জিমাফিক টাকা তোলা
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও মালদহ: সকালে ১৫০, রাত হতেই ৪০০ টাকা টোল আদায়ের অভিযোগ উঠেছে এসজেডিএ (শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ) নিয়ন্ত্রিত শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি টোলপ্লাজাতে। সকালে ও রাতে দেওয়া দুই রসিদেও বিস্তর ফারাক সামনে এসেছে। প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে টোলপ্লাজা কর্তৃপক্ষের একাংশের বিরুদ্ধে। এনিয়ে রীতিমতো ক্ষুব্ধ ওই টোলপ্লাজা হয়ে যাতায়াতকারী ট্রাক চালকরা। ইতিমধ্যে এসজেডিএ’র অফিসিয়াল মেইল আইডিতে অভিযোগও পাঠিয়েছেন সংশ্লিষ্ট ট্রাক মালিকরা। অভিযোগ পেয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে এসজেডিএ। 

Advertisement

মালদহ মাল্টি এক্সেল ট্রাক ওনার্স  অ্যাসোসিয়েশনের এক সদস্যের একটি ট্রাক বুধবার ভোর ৫টা বেজে ২ মিনিটে ফুলবাড়ি হয়ে শিলিগুড়ি ঢুকেছিল। সেই সময়ে ওই ট্রাক থেকে ১৫০ টাকা টোল নেওয়া হয়। সেই সময় যে রসিদ দেওয়া হয়েছিল তাতে স্পষ্টভাবে ‘ফুলবাড়ি টোল’ উল্লেখ ছিল। অন্যান্য গাড়ির চালকের মতোই সেই টাকা মিটিয়ে শহরে ঢোকেন চালক। সারাদিন কাজ সেরে রাত ৮টা ২৮ মিনিটে ফের একই টোলগেট দিয়ে ফিরে যাচ্ছিলেন চালক। সেসময় টোলের ৪০০ টাকা দাবি করা হয়। একই দিনে ভিন্ন অঙ্কের টাকা দাবি কেন করা হচ্ছে এই প্রশ্ন করেও চালক কোনো সদুত্তর পাননি বলে অভিযোগ। একপ্রকার বাধ্য হয়েই সেই টাকা মেটান চালক। তবে টোলপ্লাজেতে থাকা ফোন নম্বর নিয়ে গিয়ে ট্রাকের মালিক শুভাশিস বোসকে দেন গাড়ির চালক। 
ওই নম্বরে ফোন করে কেন এভাবে বেশি টাকা নেওয়া হয়েছে প্রশ্ন করেন গাড়ির মালিক। অভিযোগ, সেই সময়ে কোনো সদুত্তর না দিয়ে উল্টে নানারকম যুক্তি দেওয়া হয়। এমনকী সামনাসামনি এসে এবিষয়ে কথা বলার জন্য চাপ দেওয়া হতে থাকে। বিষয়টি নিয়ে এরপরে তিনি সংগঠনের কাছে নালিশ জানান। এসজেডিএ’র অফিসিয়াল ই-মেইল আইডিতে অভিযোগ করতে বলা হয় সংগঠনের তরফে। সেই মোতাবেক পদক্ষেপ করেন ট্রাক মালিক।
উল্লেখ্য, ৪ মে নির্বাচনের ফলাফল বের হতেই এই টোলপ্লাজা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে এসজেডিএ’র তরফে ওই টোলকে বৈধ বলে খুলে দেওয়া হয়। এরপরে এধরনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।
এবিষয়ে এসজেডিএর অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ অফিসার সঞ্জয় মালাকার বলেন, আমরা একটি মেইল পেয়েছি। আমরা বৃহস্পতিবার আধিকারিককে সেখানে গিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছি। এবিষয়ে মালদহ মাল্টি এক্সেল ট্রাক ওনার্স  অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌম্য প্রসাদ বোস বলেন, সকালে ১৫০টাকা, সন্ধ্যা গড়াতেই ৪০০ টাকা, এভাবে কেন টোল নেওয়া হল বুঝতে পারছি না। • ফুলবাড়ি টোলপ্লাজা। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ