নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্ট ফোন কেনার জন্য বিগত সরকারের সময় ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। সরকারও বদলে গিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, ১৩ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী ফোন কেনেননি। ফলে এই বাবদ যে টাকা বিভিন্ন জেলায় পড়ে রয়েছে, তা ফেরত দেওয়ার নির্দেশ দিল নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের আইসিডিএস বিভাগ। একই সঙ্গে যেসব ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মীরা এই ফোন কেনেননি, তাঁদের থেকে লিখিতভাবে এর কারণ চাইতে সংশ্লিষ্ট সিডিপিওদের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যে মোট অঙ্গনওয়াড়ি কর্মীর সংখ্যা ১ লক্ষের সামান্য বেশি। পোশান অ্যাপে কাজ করার জন্য সবার কাছে স্মার্ট ফোন থাকা আবশ্যিক ছিল। সেই মতো প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য ১০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়। শুরু থেকেই এক শ্রেণির অঙ্গনওয়াড়ি কর্মী এই ফোন কেনার প্রতি অনীহা প্রকাশ করেছিলেন। বিভিন্নভাবে চাপ দেওয়ার পর এই ফোন কিনেছিলেন অনেকেই। কারণ স্মার্ট ফোন ছাড়া ওই অ্যাপে কাজ করা সম্ভব ছিল না। এতে আখেরে কাজ বিঘ্নিত হচ্ছিল। ছয় মাসের বেশি সময় দেওয়ার পর আর এই নিয়ে প্রতীক্ষা করতে নারাজ দপ্তর। তাই যেখানে যেখানে এখনো অঙ্গনওয়াড়ি কর্মীরা ফোন কেনেননি, তাঁদের জন্য বরাদ্দ টাকা ফেরত চাইল আইসিডিএস বিভাগ।
দপ্তরের এক আধিকারিক বলেন, ১ লক্ষ চার হাজার ২৮৪ জনের মধ্যে ৮৭.৫৪ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মী স্মার্ট ফোন কিনেছেন। বাকিরা হয়তো আর ফোন কিনবেন না। তাঁদের কাছে আগে থেকেই ফোন রয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। তাই সেই ১৩ শতাংশের টাকা ফেরত দিতে হবে। সব মিলিয়ে ফেরত আসার কথা ১৩ কোটির বেশি টাকা।