Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে মৌমাছির কামড়ে জখম ১২

ফের দুর্গাপুরে মৌমাছির কামড়ে শনিবার প্রায় ১২ জন পথচারী আক্রান্ত হলেন। ঘটনায় দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোনে ব্যাপক আতঙ্ক ছড়ায়

দুর্গাপুরে মৌমাছির কামড়ে জখম ১২
  • ১ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: ফের দুর্গাপুরে মৌমাছির কামড়ে শনিবার প্রায় ১২ জন পথচারী আক্রান্ত হলেন। ঘটনায় দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোনে ব্যাপক আতঙ্ক ছড়ায়। আক্রান্তরা স্থানীয় ওষুধের দোকানে চিকিৎসা করান। এলাকাবাসী সহ পথচারীদের দাবি, পুর প্রশাসন ওই এলাকা থেকে মৌচাক স্থানান্তরিত করার ব্যবস্থা করুক দ্রুত। পুরসভার ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব বলেন, ওই এলাকাটি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের(ডিএসপি)। ডিএসপি কর্তৃপক্ষকে অবিলম্বে খবর দেওয়া হবে। ডিপিএসপি কোনো পদক্ষেপ না নিলে পুরসভা থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বি-জোনের বিদ্যাসাগর এভিনিউতে রাস্তার পাশে একটি গাছে বিশাল বড় মৌচাক রয়েছে। ওই মৌচাকে প্রায়ই দিন বাজপাখির দল আক্রমণ করায় বিপত্তি ঘটছে। এদিন সকালে মৌচাকে বেশ কয়েকবার বাজপাখি ঠোকর দেয়। ক্ষুব্ধ মৌমাছির দল মার্কনি এভিনিউ ও বিদ্যাসাগর এভিনিউয়ের রাস্তায় যাতায়াতকারী পথচারীদের উপর আক্রমণ করে। মৌমাছির কামড়ে বৃদ্ধ সহ বেশ কয়েকজন সাইকেল নিয়ে পড়ে যায়। আক্রান্ত দীনেশ শর্মা বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় মৌমাছির দল আমার উপর আক্রমণ করে। আমি অসুস্থ হয়ে পড়ি। স্থানীয় ব্যবসায়ী শচীন বিদ বলেন, পথচারীরা আক্রান্ত হয়েছে। পাশাপাশি এলাকার ব্যবসায়ীদের উপরেও মৌমাছি আক্রমণ করছে। প্রায় দিনই এই ঘটনা ঘটেছে। প্রশাসন দ্রুত কোনো পদক্ষেপ নিলে বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই মিলবে।
উল্লেখ্য, ২০২৫ সালে নভেম্বর মাসে মৌমাছির কামড়ে স্টিল টাউনশিপে পথচারী প্রাক্তন শিক্ষক নির্মল দত্তের মৃত্যু হয়। ২০২৪ সালে দুর্গাপুর ৪১ নম্বর ওয়ার্ডে বছর দু’ইয়ের এক শিশু কন্যার মৃত্যু হয়েছিল। ২০২১ সালে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকার বৃদ্ধ দুয়ারী প্রসাদ সিংয়ের মৃত্যু হয়েছিল মৌমাছির কামড়ে। এছাড়াও একাধিক পথচারী আক্রান্তের ঘটনা ঘটেছে। মৌচাক স্থানান্তরিত বা ভেঙে দেওয়ার কাজ বনদপ্তরের অধীনে না থাকায় পুরসভায় পদক্ষেপ নিয়ে থাকে। পুরসভার চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়ের উদ্যোগে কয়েক বছর আগে একবার মৌচাক স্থানান্তরিত করার কাজও হয়েছিল। ফের একই পদক্ষেপের দাবি তুলেছেন বাসিন্দারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ