কিয়েভ: ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় মৃত্যু এক ভারতীয় নাগরিকের। সোমবার রাতের এই হামলায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এক বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টানা ছ’দিন ধরে ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো। ঘটনাচক্রে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে কিরঘিজস্তানের বিশকেকে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রুশ প্রেসিডেন্টের সঙ্গে সোমবার তাঁর বৈঠকও হয়েছে।
সোশ্যাল মিডিয়ার এক বার্তায় জেলেনস্কি বলেন, সোমবার সন্ধ্যা থেকে ওডেসা ও আশপাশের এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লাগাতার হামলা চালানো হয়েছে। মোট ১২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। নিহত ভারতীয়র নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। জেলেনস্কির অভিযোগ, যত বেশি সম্ভব প্রাণহানিই ছিল রাশিয়ার এই হামলার মূল লক্ষ্য। মূলত বসতি এলাকা ও আসামরিক পরিকাঠামোকে টার্গেট করা হচ্ছে। ইউক্রেনের আকাশ প্রতিরোধী ব্যবস্থার ঘাটতি থাকার কারণেই রাশিয়া এই ধরনের হামলা চালাতে সফল হচ্ছে বলে তিনি দাবি করেন।
এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ এখনও পর্যন্ত ২২৭ জন ভারতীয় যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, যুদ্ধে যোগ দেওয়া ভারতীয়দের দেশে ফেরাতে মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দিল্লি।