নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের তিনজন সহ উত্তরবঙ্গের ১২ বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন। শনিবার দোলের দিন এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। তবে কোচবিহারের কোন তিন বিধায়ক বা উত্তরবঙ্গেরই বা কোন বিজেপি বিধায়করা দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসতে পারেন সেসব এখনও খোলসা করে বলেননি বর্ষীয়ান ওই নেতা।
শুক্রবার রাতেই রাজ্যের পাশাপাশি কোচবিহারেও বিজেপির জেলা সভাপতির পরিবর্তন হয়েছে। কোচবিহারে সুকুমার রায়কে সরিয়ে মাথাভাঙার অভিজিৎ বর্মনকে বিজেপির জেলা সভাপতি করা হয়। এমনিতেই জেলায় তথা উত্তরবঙ্গে বিজেপি বেশ চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে রবিবাবুর মতো নেতার এই মন্তব্যকে ঘিরে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে বিজেপি রবীন্দ্রনাথ ঘোষের এই দাবিকে একেবারেই নস্যাৎ করে দিয়েছে। কোচবিহারের নবনিযুক্ত বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন এই দাবি উডিয়ে উল্টো তৃণমূল থেকেই বিজেপিতে নেতারা যোগ দিতে পারেন বলে দাবি করেছেন।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, উত্তরবঙ্গের ১২ জন বিজেপি বিধায়ক যার মধ্যে তিনজন কোচবিহারেরই তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে রয়েছেন। এর বেশি কিছু বলা যাবে না। দলের ভিতরের বিষয়। বিজেপি জানে ২০২৬ সালে কোচবিহারে একটি আসনও পাবে না।
বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, তিনি যেটা বলেছেন সেটা মিথ্যা। মানুষকে খারাপ বার্তা দেওয়ার জন্য এসব করা হচ্ছে। কোনও বিজেপি বিধায়ক তৃণমূলে যাচ্ছেন না। আগামী দিনে দেখতে পাবেন বিজেপি থেকে তৃণমূলে যান, না তৃণমূলের থেকে বিজেপিতে আসেন?