Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পৃথক ঘটনায় গুড়াপ, জাঙ্গিপাড়া ও তারকেশ্বর থেকে গ্রেপ্তার ১২

গুড়াপ, জাঙ্গিপাড়া ও তারকেশ্বরে পৃথক ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করল হুগলি জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শৈলজা দাস জানান, ১৯ মে তারকেশ্বর থানায় খবর আসে যে, চাঁপাডাঙা এলাকায় একজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন।

পৃথক ঘটনায় গুড়াপ, জাঙ্গিপাড়া ও তারকেশ্বর থেকে গ্রেপ্তার ১২
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: গুড়াপ, জাঙ্গিপাড়া ও তারকেশ্বরে পৃথক ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করল হুগলি জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শৈলজা দাস জানান, ১৯ মে তারকেশ্বর থানায় খবর আসে যে, চাঁপাডাঙা এলাকায় একজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন। খবর পাওয়ার পরে পুলিশ গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তাঁর স্কুটি তল্লাশি করে একটি পিস্তল পাওয়া যায়। গ্রেপ্তার করা হয় শোভন জানা নামে চাঁপাডাঙার বাসিন্দা ওই যুবককে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই যুবকের অপরাধমূলক কাজের উদ্দেশ্য ছিল। তাঁর কাছ থেকে আরও দু’জনের নাম জানতে পারা যায়। সেই সূত্রে চাঁপাডাঙার বাসিন্দা আশিসকুমার জমাদার ও রিন্টু কবি নামে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

অপর একটি ঘটনায় মঙ্গলবার তারকেশ্বর তালপুর এলাকায় বিজেপির মণ্ডল সভাপতি সাহেব মাঝিকে মারধরের ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার হয়। ধৃতের নাম শেখ আজহার। জাঙ্গিপাড়া থানার পুলিশ ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় পাঁচজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে। বিজেপি কর্মীদের উপর হামলা, মারধর, দোকান, বাড়ি ভাঙচুরের অভিযোগের ভিত্তিতে জাঙ্গিপাড়া থানার মুণ্ডলিকা গ্রাম পঞ্চায়েতে পুলিশ অভিযান চালায়। আজিজুল শেখ, মহাদেব পোড়েল, রাজু পাল, দিলীপ পাকরে এবং অরিন্দম কুণ্ডু নামে পাঁচজন গ্রেপ্তার হয়। ধৃতদের মধ্যে আজিজুল শেখ, মহাদেব পোড়েল ও অরিন্দম কুণ্ডু তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন। অপর দু’জন তৃণমূলের সক্রিয় কর্মী। অন্যদিকে গুড়াপ থানার পুলিশ ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি ও ঘর ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম সম্রাট মালিক, রাজু ধারা ও রবিন বাগ। জেলার তিনটি থানা এলাকায় পৃথক ঘটনায় মোট ১২ জন গ্রেপ্তার হয়। 

সম্পর্কিত সংবাদ