


বেঙ্গালুরু, ৪ জুন: আনন্দ উৎসব মুহূর্তে বদলে গেল বিষাদে। আরসিবি-র আইপিএল ২০২৫-এর জয়োচ্ছ্বাস পরিণত হল মর্মান্তিক দুর্ঘটনায়। আজ, বুধবার বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছেই পদপিষ্ট হওয়ার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের, জখম আরও ৫০। ফলে বেঙ্গালুরুতে খুশির বদলে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে খবর, আজ বিকেল ৫টা থেকে আরসিবি-র বিজয় মিছিল ঘিরে সকাল থেকেই বেঙ্গালুরুতে উন্মাদনা ছিল তুঙ্গে। বেলা ৩-টের পর থেকেই হাজার হাজার সমর্থক জড়ো হতে শুরু করেন। কর্ণাটকের বিধান সৌধ থেকে শুরু করে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরেও ছিল লোকারণ্য। এরইমধ্যে বিরাটরা স্টে়ডিয়ামের দিকে রওনা দিতেই আবেগের বাঁধ ভাঙে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিস ঘটনা সামাল দিতে চেষ্টা করলেও, তা সম্ভব হয়নি। মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারের সদস্যদের ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। পদপিষ্টের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত হবে বলেও জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা।