মিলান: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইতালির একটি বেসরকারি ব্যাংক থেকে ৯৫ মিলিয়ন ইউরো লোপাট করল প্রতারকরা। ভারতীয় মুদ্রায় ১০ হাজার ৩৪০ কোটি টাকা। এআই দিয়ে তৈরি মেসেজের পাশাপাশি ব্যাংকের সঙ্গে জড়িত এক আইনজীবীর গলার স্বর নকল (ভয়েস ক্লোনিং) করা হয়েছিল। ইতালির সবচেয়ে বড়ো ঋণদানকারী সংস্থা ইনতেসা সানপাওলোর ব্যাংকিং শাখা ফিদেউরাম থেকে এই বিপুল পরিমাণ টাকা সরানো হয়েছে বলে জানা গিয়েছে। দুটি সূত্রের উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। লোপাট হওয়া টাকার অর্ধেকের বেশি উদ্ধার করা গেলেও, এখনো ৩৬ মিলিয়ন ইউরোর হদিশ মেলেনি।
জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে সানপাওলোর সিইও কার্লো মেসিনার নাম করে একটি ভুয়ো হোয়াটসঅ্যাপ মেসেজ পান ফিদেউরামের চেয়ারম্যান পাওলো মোলেসিনি। সেখানে একটি বিদেশের অ্যাকাউন্টে লেনদেনের জন্য সাহায্য চাওয়া হয়। পরবর্তীকালে এক নামকরা আইনজীবীর গলার স্বর নকল করে ফোন করে সেই লেনদেনের বিষয়টি নিশ্চিত করে প্রতারকরা। ওই আইনজীবী বেসরকারি ব্যাংকটির অন্যতম পার্টনার ছিলেন। তাই বিষয়টি নিয়ে সন্দেহ করেনি ব্যাংক কর্তৃপক্ষ। ফলে ব্যাংকের তরফে সেই নির্দেশ মেনে নিয়ে একাধিক লেনদেন করা হয়। জানা গিয়েছে, গোটা প্রতারণাটা করা হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। সূত্রের খবর, মূলত চীন ও হংকংয়ের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছিল। পরবর্তীকালে বেসরকারি ব্যাংকটির কর্তৃপক্ষের এই সন্দেহজনক লেনদেন নজরে আসে। তখনই গোটা প্রতারণার বিষয়টি সামনে চলে আসে। ইতিমধ্যেই ইতালি, পর্তুগাল, চীন একযোগে অপারেশন চালিয়ে ৫৩ মিলিয়ন ইউরো উদ্ধার করেছে। তবে বাকি টাকা প্রতারকরা ক্রিপ্টো কারেন্সিতে বদলে ফেলেছে বলেই মনে করা হচ্ছে।