নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের জেরে শুধুই কি নাগরিকত্ব রক্ষার তাগিদ? নাকি অন্য কিছু? পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনে অন্তত ১৫টি বুথে ভোট পড়েছে ১০০ শতাংশ। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। সার্বিকভাবে ৯৩ শতাংশ বাংলায় এই প্রথম, নজিরও বটে। নির্বাচন কমিশন বলছে, এসআইআরে মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম বাদ পড়ায় স্বাভাবিকভাবেই ভোটের হার বেড়েছে। তবে ১০০ শতাংশ ভোট পড়া স্বাভাবিক কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ১০০ শতাংশ ভোটের অর্থ বুথে যতজন ভোটার আছেন, তাঁরা সবাই ভোট দিয়েছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট ১৮২টি এমন বুথ আছে, যেখানে ৯৯ শতাংশ ভোট পড়েছে অর্থাৎ ১০০ জন ভোটারের মধ্যে ৯৯ জন ভোট দিয়েছেন। আর ১৫টি এমন বুথ আছে, যেখানে ১০০ শতাংশ ভোট পড়েছে। যে ১৫টি বুথে ১০০ শতাংশ ভোট পড়েছে, তার মধ্যে মুর্শিদাবাদের রানিনগরেই রয়েছে আটটি বুথ। বাকি বুথগুলি রয়েছে ধূপগুড়ি, দার্জিলিং, চাঁচল, বৈষ্ণবনগর, রঘুনাথপুর ও ফালাকাটা বিধানসভা কেন্দ্রে।



