নিজস্ব প্রতিনিধি, তমলুক: দুয়ারে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্যজুড়ে চালু হয়েছিল ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। ২০২৫সালে ২১নভেম্বর পূর্ব মেদিনীপুরে ঘটা করে ভ্রাম্যমাণ চিকিৎসা যানের উদ্বোধন হয়েছিল। রাজ্যে পালাবদলের পর সেই পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। অধিকাংশ জায়গায় ওই গাড়ি নিয়ে পরিষেবা দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন চিৎিসক, নার্স ও কর্মীরা। যেকারণে পূর্ব মেদিনীপুরের অধিকাংশ জায়গায় ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা বন্ধ রয়েছে। থানায় ও হাসপাতাল চত্বরে রোদ-জলের মধ্যেই পড়ে রয়েছে প্রায় ৪০লক্ষ টাকা মূল্যের অত্যাধুনিক ওই ভ্রাম্যমাণ চিকিৎসা যান।
পূর্ব মেদিনীপুরের সিএমওএইচ বিভাস রায় বলেন, আমরা মোট ১৪টি ভ্রাম্যমাণ চিকিৎসা যান পেয়েছিলাম। অনেক জায়গায় ওই পরিষেবা দিতে গিয়ে সমস্যা হচ্ছে। যেকারণে বেশকিছু জায়গায় ওই পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। নন্দীগ্রাম স্বাস্থ্যজেলার সিএমওএইচ অসিত দেওয়ান বলেন, আমরা মোট চারটি ভ্রাম্যমাণ চিকিৎসা যান পেয়েছিলাম। ওই পরিষেবা বন্ধ রাখার কোনও নির্দেশ নেই। আমরা সেই গাড়িতে প্রত্যন্ত এলাকায় গিয়ে পরিষেবা দেওয়ার কাজ করছি। তবে, এই কাজে বেশকিছু সমস্যা হচ্ছে। তারই মধ্যে আমাদের চারটি গাড়িই এখনো সচল আছে।
নন্দকুমার থানায় সামনে একটি ভ্রাম্যমাণ চিকিৎসা যান পড়ে আছে। আপাতত ওই গাড়িতে পরিষেবা দেওয়া হচ্ছে না। এরকম সাত-আটটি গাড়ি পরিষেবা দিতে পারছে না। ওইসব গাড়িতে বিশ্ববাংলা লোগো এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দল ওই গাড়ি নিয়ে এলাকায় গেলে কিছু বিজেপি কর্মী লোগো এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। সোমবার এনিয়ে পটাশপুরে ব্যাপক ঝামেলা হয়। পাঁশকুড়াতেও এনিয়ে সমস্যা হয়। যেকারণে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ গাড়ি থেকে লোগো এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে নিয়েছে। তারপরও অনেকে এনিয়ে আপত্তি তুলছেন।
ভ্রাম্যমাণ ওই চিকিৎসা যানে চড়ে চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিসিয়ান, ফার্মাসিস্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর প্রত্যন্ত এলাকায় যেতেন। সেখানে পরিষেবা নেওয়ার জন্য মানুষজনের ভিড় জমত। টিকিট করে রোগীরা লাইনে দাঁড়াতেন। নানা ধরনের টেস্ট করে সঙ্গে সঙ্গে রিপোর্ট দেওয়া হত। অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের সঙ্গে প্রেশার, সুগার, ইসিজি সমেত রক্তের অন্তত ৩০রকমের টেস্ট ভ্রাম্যমাণ যান থেকেই করা যেত। কিন্তু, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্কিম পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিমুহূর্তে বাধার মুখে পড়ছে। লোগো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানোর পরও এই পরিষেবা নিয়ে মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন। তৃণমূল কংগ্রেস সরকারের চালু করা ওই পরিষেবা নিয়ে অনীহা প্রকাশ করছেন অনেক বিজেপি কর্মী সমর্থক। যেকারণে প্রতিদিন কোথাও না কোথাও এনিয়ে ঝামেলা হচ্ছে। তাই পূর্ব মেদিনীপুরের অনেক জায়গায় ওই পরিষেবা বন্ধ। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কৌশিক ধল বলেন, ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা বন্ধ করা নিয়ে কোনও নির্দেশ নেই। তাই আমরা সেটি চালু রাখতে চাই। কিন্তু, বিশ্ববাংলা লোগো এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে। সেসব সরানোর পরও সমস্যা মিটছে না। নিজস্ব চিত্র