নিজস্ব প্রতিনিধি, মালদহ: একদিনে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন। সেই মতো রিপোর্ট তৈরি করে পাঠানোর প্রস্তুতি নিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। একদিনে এত সংখ্যক শিশুমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়।
হাসপাতাল সুপার প্রসেনজিৎ বর বলেন, একইদিনে এই মেডিকেল কলেজে ১০জন শিশুর মৃত্যু হয়েছে। এবিষয়ে আমাদের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আমরা সমস্ত রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছি।
গত ১২ আগস্ট বাইরের নার্সিংহোম থেকে আট শিশুকে চিকিৎসার প্রয়োজনে আনা হয়েছিল মালদহ মেডিকেল কলেজে। দুই সদ্যোজাত মেডিকেলেই প্রসব হয়। ওই শিশুদের মধ্যে চারজনের হার্টের সমস্যা ধরা পড়ে জন্মের পরই। দু’জনের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। বাকিদেরও একাধিক জটিল সমস্যা ছিল। চিকিৎসকরা চেষ্টা করেও ওই শিশুদের বাঁচাতে পারেননি। গত সপ্তাহে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এবিষয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা স্বাস্থ্য আধিকারিকরা আলোচনায় অংশ নিয়েছিলেন। সেই বৈঠক থেকে একসঙ্গে এত সংখ্যক শিশুমৃত্যুর কারণ নিয়ে আলোচনা হয়।
মেডিকেল কলেজ কর্তৃপক্ষের উত্তরে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সন্তুষ্ট না হতে পেরে শেষ পর্যন্ত রিপোর্ট তলব করা হয়েছে। মেডিকেল সূত্রে খবর, চলতি মাসে মেডিকেল কলেজে চিকিৎসাধীন ৬০ শিশুর মৃত্যু হয়েছে। শিশু মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তিত স্বাস্থ্যভবন। এবিষয়েও নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।