লখনউ: নেপালে ভয়াবহ হড়পা বানে বিপর্যয়। প্রবল স্রোতে ভারতে ভেসে এল দেহ। গত দু’দিনে গণ্ডক নদীর স্রোতে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ ও কুশীনগরে ১০টি দেহ ভেসে এসেছে। সরকারি সূত্রে খবর, প্রত্যেকেই নেপালের নাগরিক। তবে এখনও পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি। ইতিমধ্যে দেহগুলিকে উদ্ধার করে মহারাজগঞ্জ ও কুশীনগরের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। দেহগুলি চিহ্নিত করতে ছবি তুলে পার্শ্ববর্তী অঞ্চলে পাঠানো হয়েছে। একইসঙ্গে দেহে থাকা বিশেষ চিহ্ন সহ বিভিন্ন তথ্য নথিভুক্ত করেছে পুলিশ। যাবতীয় তথ্য ইতিমধ্যে রাজ্য সরকারকে পাঠানো হয়েছে। মহারাজগঞ্জের অতিরিক্ত জেলাশাসক বলেন, ‘এখনো পর্যন্ত চারটি দেহ উদ্ধার করা হয়েছে। তিনজন মহিলা, একজন পুরুষ। ৭২ ঘণ্টা দেহগুলি মর্গে রাখা থাকবে। এরমধ্যে কেউ না এলে সরকারি নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, কুশীনগরে ছ’টি দেহ উদ্ধার করেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দেহের পাশাপাশি নেপাল থেকে গ্যাস সিলিন্ডার, আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস ভেসে আসছে। সেগুলি নিতে নদীর দু’ধারে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। এহেন পরিস্থিতিতে স্থানীয়দের নদীতে না নামার পরামর্শ দিয়েছে প্রশাসন। প্রসঙ্গত, নেপাল হয়ে ভারতে প্রবাহিত হয়েছে গণ্ডক নদী।



