নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মানবিকতার পরিচয় দিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী। তিনদিন ধরে রোদ, ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে নো ম্যানস ল্যান্ডে বসে থাকা ১০ জন বাংলাদেশিকে ‘উদ্ধার’ করে হোল্ডিং সেন্টারে ‘আশ্রয়’ দেওয়া হল। এরপর তাঁদের নথিপত্র খতিয়ে দেখে আইন মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
আটক ওই বাংলাদেশিদের জলপাইগুড়ি শহরের রাজবাড়িপাড়ায় প্রশাসনের তরফে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। ওই সেন্টার তৈরির পর এই প্রথম সেখানে বাংলাদেশি অভিযোগে আটক ব্যক্তিদের রাখা হল। অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি সীমান্তের নো ম্যানস ল্যান্ডে দু’টি পরিবারের দশজন গত শুক্রবার রাত থেকে বসেছিল। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, দু’জন মহিলা এবং তিনটি শিশু রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের বাড়ি বাংলাদেশের খুলনা, চট্টগ্রাম, কুষ্টিয়া ও সাতক্ষীরা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, নগর বেরুবাড়ির জয়পুর এলাকায় কাঁটাতারের ওপারে বাংলাদেশের পঞ্চগড় জেলার চাকলাহাট গ্রাম। বাংলাদেশের ওই গ্রাম থেকে অন্তত চার কিমি ভারতের দিকে শুক্রবার রাতে বেশ কয়েকজনকে জড়ো হতে দেখতে পায় বিএসএফ। সঙ্গে সঙ্গে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ফেরত যাওয়ার জন্য সজাগ করা হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে। যদিও অভিযোগ, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ওই ব্যক্তিদের নিজেদের দেশে ফেরত নিতে অস্বীকার করে। এতেই তৈরি হয় জট।
পুলিশ সূত্রে খবর, বিএসএফ সূত্রে তারা জানতে পেরেছে, নগর বেরুবাড়ির জয়পুর এলাকা দিয়ে ওই বাংলাদেশিরা তিনদিন ধরে এদেশে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারা যাতে নিজেদের দেশে ফিরে যায়, সেজন্য বিএসএফের তরফে বারবার সজাগ করা হয়। কিন্তু বিএসএফের সেই নিষেধাজ্ঞা অমান্য করে ওই বাংলাদেশিরা তিনদিন ধরে নো ম্যানস ল্যান্ডে বসেছিল। ৭২ ঘণ্টা অপেক্ষা করার পর শেষমেশ পদক্ষেপ করে বিএসএফ।
বেআইনিভাবে ভারতে ঢোকার চেষ্টা করায় রবিবার রাতে ওই ১০ জন বাংলাদেশিকে আটক করে বিএসএফ। সোমবার তাদের জলপাইগুড়ি মেডিকেলের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানোর পর তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার তরফে জানানো হয়েছে, ধৃতদের নথিপত্র খতিয়ে দেখে আইন মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নগর বেরুবাড়ির জয়পুর সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন, তিনদিন ধরে নো ম্যানস ল্যান্ডে বসে থাকা মানুষজনকে সোমবার সকাল থেকে আর দেখতে পাননি তাঁরা। পরে তাঁরা জানতে পারেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা ওই বাংলাদেশিদের বিএসএফ আটক করে হোল্ডিং সেন্টারে নিয়ে গিয়েছে। তবে গোটা বিষয়টি নিয়ে বিএসএফ ও পুলিশের আধিকারিকরা মুখ খুলতে নারাজ। • শারীরিক পরীক্ষার জন্য জলপাইগুড়ি মেডিকেলে আনা হয়েছে বাংলাদেশিদের। - নিজস্ব চিত্র।