সংবাদদাতা, উলুবেড়িয়া: কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত ও আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রকল্প এ রাজ্যে চালু করতে দেয়নি পূর্বতন রাজ্য সরকার। বিজেপি বিরোধী পক্ষে থাকাকালীন এমনই অভিযোগ তুলেছিল। তাদের অভিযোগ ছিল, নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই পূর্বতন সরকার এই প্রকল্প চালু করতে দেয়নি। ফলে সাধারণ মানুষ কেন্দ্রের এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছিল। রাজ্যে এখন ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা হওয়ায় আয়ুষ্মান ভারত ও আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উপর জোর দিল রাজ্য। সেইমতো বাগনান ২ নম্বর ব্লকে ১০টি নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দির নির্মাণে সবুজ সংকেত মিলল। প্রশাসন সূত্রে খবর, আরোগ্য মন্দিরগুলি নির্মাণ করতে ব্যয় হবে সাত কোটি টাকা। ইতিমধ্যেই এই খাতে টাকা বরাদ্দ হয়েছে বলে সূত্রের খবর।
আয়ুষ্মান মন্দির হল দেশের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। আগে এগুলি ভারত স্বাস্থ্য ও সু্স্থতা নামে পরিচিত ছিল। এলাকায় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে চালু হয়েছিল এসব। আয়ুষ্মান আরোগ্য মন্দিরে জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রসূতি মা ও শিশুদের চিকিৎসা, বিনামূল্যে পরীক্ষা ও ওষুধ দেওয়া হয়। তৃণমূল সরকারের আমলে রাজ্যে একাধিক সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হলেও আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরি হয়নি। এবার আয়ুষ্মান মন্দির নির্মাণে জোর দিল সরকার।
সেইমতো বাগনান ২ নম্বর ব্লকে ১০টি আয়ুষ্মান মন্দির নির্মাণ হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, চন্দনাপাড়া, মুগকল্যাণ, রবিভাগ, ছয়ানি গুজরাত, খানজাদাপুর, হাল্যান, ওড়ফুলি, দেউলটি, মতিমালা, এবং গুনানন্দপুরে এই আরোগ্য মন্দিরগুলি নির্মাণ করা হবে। জায়গা চিহ্নিত হয়েছে। দু’-একদিনের মধ্যে কাজের সূচনা হবে।
এই বিষয়ে বিজেপির রাজ্য এগজিকিউটিভ কমিটির সদস্য অনুপম মল্লিক বলেন, আগের সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে রাজ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দির নির্মাণ হচ্ছে। এই সপ্তাহেই মুগকল্যাণ ও চন্দনাপাড়ায় কাজ শুরু হবে বলে জানিয়েছেন অনুপমবাবু।