নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধ থেকে বৃহস্পতিবার, ২৮ ঘণ্টার মধ্যে তিলজলা থেকে দুই নাবালিকা ও এক নাবালক নিখোঁজ। তাদের অপহরণ করা হয়েছে বলে সন্দেহ করছে তিনজনের পরিবার। তিলজলা থানা ভারতীয় ন্যায় সংহিতার অপহরণের ধারায় মামলা রুজু করেছে। শুরু হয়েছে চাঞ্চল্যকর ঘটনাটির তদন্ত।
জানা গিয়েছে, বুধবার সকালে প্রথম অভিযোগটি জমা পড়ে। সকাল ১০টা নাগাদ এক অপহৃতের বাবা অভিযোগ জানান, তাঁর ছেলে সকালে জলখাবার খেতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর আর ফেরেনি। ছেলের বয়স ১৪ বছর। এই পরিবার তপসিয়া রোডের বাসিন্দা। অভিযোগকারী পুলিশকে জানান, ছেলের সম্ভাব্য গন্তব্যগুলিতে খোঁজ নিয়েছেন তাঁরা। কিন্তু কোথাও সন্ধান পাননি। পুলিশ অপহরণের মামলা রুজু করে। এরপর বৃহস্পতিবার সকালে এক নাবালিকার অপহরণের নিখোঁজ হওয়ার অভিযোগ আসে। তার বয়স ১৫ বছর। এই পরিবার জি জে খান রোডের বাসিন্দা। নাবালিকার মায়ের অভিযোগ, বুধবার স্কুলে যাওয়ার জন্য ইউনিফর্ম পরে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে। তারপর স্কুল থেকে ফেরার সময় অতিক্রান্ত হয়ে গেলেও বাড়ি ফেরেনি। স্কুলে যোগাযোগ করেছিলেন তাঁরা। তাদের তরফে জানানো হয়, বুধবার স্কুলেই আসেনি ছাত্রীটি। এরপর মেয়েটির পরিবার রাতভর আত্মীয়স্বজন, মেয়ের বন্ধু-বান্ধবদের কাছে খোঁজ নেন। কিন্তু কোথাও খুঁজে পাননি। বৃহস্পতিবার তিলজলা থানায় মেয়ে অপহৃত হয়েছে বলে অভিযোগ জানান। তাঁদের বয়ানের ভিত্তিতে মামলা রুজু করে তিলজলা থানা। এরপর বৃহস্পতিবারই দুপুর তিনটে নাগাদ ১৭ বছরের এক নাবালিকা উধাও হয়েছে বলে থানায় অভিযোগ জানাতে আসেন মেয়েটির বাবা। নিখোঁজের বাড়ি পঞ্চান্নগ্রামে। এ ক্ষেত্রেও অপহরণের মামলা রুজু করে পুলিশ। এই তিন মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। ২৮ ঘণ্টার মধ্যে তিন নাবালক উধাও হয়ে যাওয়ায় রহস্য দানা বাধছে। তিনটি ঘটনার পিছনে কোনো যোগসূত্র আছে কি না তা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।