Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

১ লাখি পু্জো বোনাস ইসিএলের, বাজার আরও জমাট হওয়ার আশা

আসানসোলের বড় ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র দোকানদার, পুজোর আগে সবাই ইসিএলের বোনাস ঘোষণার দিকে তাকিয়ে থাকেন

১ লাখি পু্জো বোনাস ইসিএলের,   বাজার আরও জমাট হওয়ার আশা
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোলের বড় ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র দোকানদার, পুজোর আগে সবাই ইসিএলের বোনাস ঘোষণার দিকে তাকিয়ে থাকেন। গত কয়েকবছর ধরেই খনি শ্রমিকরা রেকর্ড পরিমাণ বোনাস পেয়েছেন। ফলে আসানসোল থেকে কুলটি, উখরা থেকে পাণ্ডবেশ্বরে পুজোর বাজার চাঙ্গা হয়েছে। এবারও নিরাশ করেনি কেন্দ্রীয় সংস্থা। গতবছরের তুলনায় সাতহাজার টাকা বেশি দিয়ে এবার খনি শ্রমিকদের বোনাস ধার্য হয়েছে ১লক্ষ ১০হাজার ২৫০টাকা। যা খনি শ্রমিকদের ইতিহাসে সর্বাধিক বোনাস।

Advertisement

শনিবার দিল্লিতে কোল ইন্ডিয়া কর্তৃপক্ষ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বোনাস বৈঠক করে। ইসিএলের বোনাস প্রোডাকশন লিংকড। তাই কয়লা ক্ষেত্রে উৎপাদন বেড়ে যাওয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠন বোনাস বৃদ্ধির দাবি জানায়। গতবছর কোল ইন্ডিয়ার ১লক্ষ ৯৮ হাজার শ্রমিক এক লক্ষ তিনহাজার টাকা করে বোনাস পেয়েছিলেন। এবার শ্রমিক নেতারা আরও বেশি বোনাসের দাবি তোলেন। কর্তৃপক্ষের সঙ্গে দরাদরির পর অবশেষে ১লক্ষ ১০হাজার ২৫০টাকা বোনাস ঠিক হয়।
কোল ইন্ডিয়ার অন্যতম সংস্থা ইসিএলে ৪১ হাজার স্থায়ী শ্রমিক রয়েছেন। এই খনি শ্রমিকরাও এই পরিমাণ বোনাস পাবেন। ব্যবসায়ীদের আশা, শ্রমিকদের বোনাস হিসাবে আসা মোট কয়েকশো কোটি টাকা শিল্পাঞ্চলের পুজোর বাজারকে আরও চাঙ্গা করবে। এই সংস্থার ঠিকা শ্রমিকরাও বেতনের ৮.৩৩ শতাংশ বোনাস পাবেন। শিল্পাঞ্চলের অপর বড় নিয়োগ সংস্থা সেইল। তাদের অধীনে চারটি কারখানা রয়েছে। সেগুলি হল-দুর্গাপুরের ডিএসপি, এএসপি, বার্নপুরের ইস্কো ও কুলটির ইস্কো। গতবছর এই সংস্থার শ্রমিকরা ২৯হাজার টাকা বোনাস পেয়েছিলেন। সেইলের লাভের উপরই বোনাসের অংক কষা হয়। শ্রমিক নেতা জয়ন্ত রক্ষিত বলেন, গতবছর সংস্থা ২১০০কোটি টাকা লাভ করেছিল। এবার তারা তিনহাজার কোটি টাকা লাভ করেছে। অথচ শ্রমিক পিছু বোনাস মাত্র তিনহাজার টাকা বাড়ানো হয়েছে। সেইলের স্থায়ী শ্রমিকরা এবার ৩২হাজার টাকা বোনাস পাবেন। বোনাস আরও বাড়ানো উচিত ছিল।
ভারতীয় রেলের তরফে এখনও বোনাস ঘোষণা না হলেও গতবারের মতো ৭৮ দিনের বোনাসই ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে। এতে কিছুটা হলেও অখুশি রেল কর্মচারীরা। তাঁদের দাবি, এখনও বোনাস অংক কষা হচ্ছে ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের ন্যূনতম সাতহাজার টাকা বেতন ধরে। এর ফলে শ্রমিকরা আগেই মতোই ১৭হাজার ৯১৭টাকা বোনাস পাবেন। গত কয়েকবছর ধরে তাঁরা একই বোনাস পেয়ে আসছেন। সিটু নেতা রাজীব গুপ্ত বলেন, আমরা এর প্রতিবাদে সই সংগ্রহ শুরু করেছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ