সংবাদদাতা, বনগাঁ: সপ্তাহ না ঘুরতেই আবারও গুলি চলল বনগাঁয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁর জয়পুর কালীবাড়ি এলাকায় যশোর রোডের উপর থেকে এক যুবককে অপহরণ করে দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা শূন্যে চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। অপহৃত যুবক সাগর ঘোষকে পরে পুলিস উদ্ধার করেছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এর আগে গত রবিবার বনগাঁ পুলিস জেলার গাইঘাটা বড়া এলাকায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। তিনি জখম হন। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবার গুলি চালানোর ঘটনায় পুলিস প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ বন্ধুদের সঙ্গে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা সাগর। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বোলেরো গাড়ি এসে থামে তাঁদের সামনে। পাঁচজন নেমে এসে সাগরকে গাড়িতে তুলে নেয়। বন্ধুরা বাধা দিলে শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা। গাড়ির পিছনেও দুটি বাইকে কয়েকজন দুষ্কৃতী ছিল বলে জানা গিয়েছে।
উদ্ধার হওয়ার পর সাগর জানিয়েছেন, প্রথমে পেট্রাপোল সীমান্তের দিকে যায় গাড়িটি। সেখানে থেকে ঘুরপথে গোপালনগর থানা এলাকায় নিয়ে যাওয়া হয়। একটি গোডাউনে আটকে রাখা হয়েছিল। হাতের চারটি আংটি খুলে নেয়। কিছুক্ষণ পর গোপালনগর থানার সামনে নামিয়ে দিয়ে যায়। পুলিস তাঁকে উদ্ধার করে। যুবকের কথায়, পুরনো বিবাদের জেরে তাকে অপহরণ করা হয়েছিল। টাকা দাবি করা হয়।
অপহৃত যুবক অনলাইন গেমের সঙ্গে যুক্ত। কোনও এক ব্যক্তি বছর খানেক আগে ওই যুবকের মাধ্যমে গেম খেলে কয়েক কোটি টাকা হেরে যায়। তা নিয়ে দু’জনের ঝামেলা শুরু হয়। যুবকের দাবি, টাকা-পয়সার হিসেবে মিটে গেলেও ওরা এখনও টাকা দাবি করে নানা সময় হুমকি দিচ্ছে। যদিও অভিযুক্তদের নাম জানাননি তিনি। বনগাঁ পুলিস জেলার পুলিস সুপার দীনেশ কুমার বলেন, একটা অভিযোগ পেয়েছি। অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।